আশ্বাসে নিজেদের সীমাবদ্ধ রাখছে ইসি: রিজভী

412

ঢাকা সংবাদদাতা: অভিযোগ দেয়া হলেও শুধু আশ্বাসে নিজেদের সীমাবদ্ধ রাখছে কমিশন। নির্বাচন কমিশনের গতি-প্রকৃতি লক্ষ্য করলে বিস্মিত হতে হয়, সত্যি বিচিত্র নির্বাচন কমিশন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। শুক্রবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দলবাজ নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কখনোই সাহসী হতে পারবে না। মূলত প্রহসনের ভোটের জন্য নির্বাচন কমিশন সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।

রিজভী অভিযোগ করেন, সুস্পষ্টভাবে প্রধানমন্ত্রী আচরণবিধি অমান্য করলেও নির্বাচন কমিশন তাতে কর্ণপাত না করে নির্বাচন নিয়ে সরকারের গোপন মিশনগুলোর অসমাপ্ত কাজ সমাপ্ত করছে। প্রধানমন্ত্রীর আস্থাভাজন কমিশনের পক্ষে বিধি ভঙ্গকারী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কার্যত ব্যবস্থা নেয়া সম্ভব নয়।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, তবে এখনো সময় আছে, নিজেদেরকে সরকারের ছাতার নিচে থেকে বের করে জনগণের ছাতার তলে আসুন। জনগণের হরণকৃত ভোটারাধিকার ফেরত দেয়ার চেষ্টা করুন। আশা করবো, বিধিভঙ্গের জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে নির্বাচনী পরিবেশ তৈরি করবেন।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, যদি বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের চিন্তা করে থাকেন, তবে আপনারা রেহাই পাবেন না। অন্যায় বা অবিচারের পন্থা অবলম্বন করলে দেশের সাধারণ মানুষ তা রুখে দিতে দৃঢ় সংকল্পবদ্ধ। কঠিন পরিণতি ভোগ করতে হবে আপনাদের।