দ্বিতীয় দিনেও জিম্বাবুয়ের সতর্ক শুরু

337

খেলাধুলা ডেস্ক: প্রথম দিনটা ভালোই কাটিয়েছে জিম্বাবুয়ে। পাঁচ উইকেট হারালেও ২৩৬ রান তুলেছিল। অতিথি দলটি দ্বিতীয় দিনেও ভালোই শুরু করেছে। প্রথম দিনের ধারাবাহিকতা ধরে রেখে দুই ব্যাটসম্যান পিটার মুর ও রেজিস চাকাভা বেশ সতর্কভাবেই খেলছেন।

আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে ৯৮ ওভারে পাঁচ উইকেট হারয়ে ২৫০ রান তুলেছে। পিটার মুর (৪৩) ও রেজিস চাকাভা (২৮) ব্যাট করছেন।

অবশ্য ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে শুরুতেই চাপে পড়ে যায়। পরে অবশ্য শন উইলিয়ামসের ব্যাট হাতের দৃঢ়তায় কিছুটা ঘুরে দাঁড়ায় তারা। কিন্তু শতকের কাছাকাছি গিয়ে মাহমুদউল্লাহর শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। চার উইকেট হারিয়ে দল যখন কিছুটা চাপে, তখন প্রতিরোধ গড়েছিলেন উইলিয়ামস। সাজঘরে ফেরার আগে তিনি ১৭৩ বলে ৮৮ রান করেন।

এর আগে ব্রায়ান চারি ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন। তাঁকে সরাসরি বোল্ড করেন স্পিনার তাইজুল ইসলাম। বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরও। ব্যক্তিগত ৬ রানে আউট হন তিনি। তিনিও তাইজুলের শিকার। মাসাকাদজা সাজঘরে ফেরার আগে করেন ৫২ রান। সিকান্দার রাজা করেন ১৯ রান।

ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হক ও স্পিনার নাজমুল ইসলাম অপুর। আরিফুল চলমান সিরিজের শেষ ওয়ানডেতে জাতীয় দলের হয়ে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন। এবার সিলেটে টেস্ট ম্যাচেও অভিষেক হয় তাঁর।

আর অপু এর আগে পাঁচটি ওয়ানডে খেলে নিজের যোগ্যতার ভালোই প্রমাণ দিয়েছেন। তাই টেস্ট ক্রিকেটেও অভিষেক হয় তাঁর।

সাকিব আল হাসান ও তামিম ইকবালের অনুপস্থিতিতে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। গত বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছিলেন তিনি। সে ম্যাচের দুই ইনিংসেই খুব একটা সুবিধা করতে পারেননি। তাই দলে জায়গা হারান।

এদিকে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দলে থাকলেও এই ম্যাচের একাদশে নেই। তাঁকে বিশ্রামে রাখা হয়েছে।

দলে তিনজন স্পিনার নেওয়া হয়েছে। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাজমুল ইসলাম অপু। আর দুজন পেসার হলেন আবু জায়েদ রাহি ও আরিফুল হক।