সাইফ হাসান: যুক্তরাজ্যের ফোকস্টোনের একটি জনপ্রিয় সমুদ্রতীরবর্তী হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই হোটেলটি থেকে প্রায় ২৮০ জন অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কেন্ট পুলিশ জানিয়েছে ঘটনাটিকে তারা সন্দেহজনক অপ*রাধ হিসেবে দেখছে এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। দ্রুত ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির ফোকস্টোনে অবস্থিত গ্র্যান্ড বার্স্টিন হোটেলে রাত প্রায় ১টা ৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনের বেসমেন্ট বা ভূগর্ভস্থ পার্কিং এলাকা থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন এতটাই তীব্র ছিল যে ভবনের কাঠামোগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং এখনও সেখানে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।
পরিস্থিতি সামাল দিতে সাউথ ইস্ট কোস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস বহু মানুষকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে এবং সামান্য আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া অতিথিদের জন্য ফোকস্টোন অ্যান্ড হাইথ ডিস্ট্রিক্ট কাউন্সিল স্থানীয় থ্রি হিলস স্পোর্টস পার্কে একটি অস্থায়ী সহায়তা কেন্দ্র খুলেছে। পাশাপাশি আশপাশের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখার এবং ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
হোটেলটিতে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাতে অ্যালার্ম শুনে ঘুম ভাঙার পর চারদিকে শুধু ঘন কালো ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ শোনা যায়। অনেকে রাতের পোশাকে খালি পায়েই আতঙ্কে ভবন ছেড়ে বাইরে ছুটে আসেন। স্থানীয় দ্য হারবার ইন নামের একটি রেস্তোরাঁ গভীর রাতে ভুক্তভোগীদের আশ্রয়ের ব্যবস্থা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে। পুলিশ এই অগ্নিকাণ্ডের আসল কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
#যুক্তরাজ্যসংবাদ #হোটেলঅগ্নিকাণ্ড #আন্তর্জাতিকখবর #aknews #onebanglanews















