জাপানে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

384

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দ্বীপরাষ্ট্রটিতে শুক্রবার ওই ভূমিকম্প আঘাত হানে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইস (ইউটিসি) রাত ৩টা ৪ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত হানে। এটির কেন্দ্রস্থল ছিল সাপ্পোরো শহরের প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে গত ৬ সেপ্টেম্বর হোক্কাইডোয় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী ওই ভূমিকম্পে ৪১ জন নিহত এবং ৬৫০ জনের বেশি মানুষ আহত হয়।

জাপান তথাকথিত ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। তাই দেশটিতে প্রায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হওয়ার ঝুঁকি থাকে।

২০১১ সালে জাপানে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সুনামি হয়। ওইসময় ভূমিকম্প ও সুনামি ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে।

ওই ভূমিকম্পটি দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ছিল। শক্তিশালী ওই ভূমিকম্পে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়া আরও কয়েক হাজার মানুষ আহত বা নিখোঁজ হন।