সিলেটে বিএনপি নেতা ডা. শাহরিয়ারসহ আটক ৯

773

সিলেট সংবাদদাতা: সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সুবাহনীঘাটস্থ বাসা থেকে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক।

চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আবুল কাহের শামীমের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে বুধবারের সমাবেশ নিয়ে আলোচনা চলছিল। এ সময় পুলিশ বাসা ঘিরে রাখে। বাসার বাইরে থেকে বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীসহ ছয়জনকে আটক করে নিয়ে যায়। রাত সাড়ে ৯টায় কয়েস লোদীকে ছেড়ে দিলেও বাকিরা এখনো থানায় রয়েছেন।

এদিকে নগরীর উপশহর এলাকা থেকে আরো চারজনকে আটক করা হয়েছে বলেও দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের জন্য আমরা বৈঠক করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের হয়রানী করছে, আটক করে নিয়ে গেছে।’

শামীম আরো বলেন, সমাবেশের প্রচারে পুলিশ বাধা দিচ্ছে। আমাদের মাইক নিয়ে গেছে তারা। আমরা পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে।