ঢাকা সংবাদদাতা: জাতীয় ঐক্যফ্রন্টকে ২০ দলীয় জোট স্বাগত জানিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নজরুল ইসলাম খান বলেন, সভায় গত ১৩ তারিখে যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, তাদের দাবি এবং লক্ষ্যসমূহ আমরা পর্যালোচনা ও আলোচনা করেছি। এরপর ২০ দলীয় জোট এই মর্মে একমত হয়েছি যে, দেশের এই স্বৈরাচারী সরকারকে হঠাতে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা একটা অগ্রগতি। এজন্য এই জোটকে স্বাগত জানিয়েছি ২০ দলীয় জোট।
জোটের এই সমন্বয়ক বলেন, আমরা আশা করি যে, এই জোটের মাধ্যমে আগামী দিনে জনগণের আন্দোলন আরো বেগবান ও জোরদার হবে। আর বর্তমান সরকার জনগণের ন্যায়সঙ্গত সব দাবি মেনে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবে।
নজরুল ইসলাম বলেন, আমরা দেখেছি যে, ঐক্যফ্রন্টের দাবিগুলো মধ্যে রয়েছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ নির্বাচনের আগে থেকেই সশস্ত্র বাহিনী নিয়োগ। এছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে। এজন্য আমরা ২০ দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানানো হয়েছে সভায়।
বৈঠকে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনার ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ মুসলীম লীগের চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খান, মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের (পিএল) সাধারণ সম্পাক সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।















