আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির কালিন্দি কুঞ্জ রোড। সেখানকার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এক ছোট্ট মুদি দোকানে বাসে আছেন জাফর আলম। এক পুলিশ কর্মকর্মকর্তা তাকে ছয় পাতার একটি একটি পার্সোনাল ফর্ম পূরণ করতে বলেছেন। এটা পূরণ করা না হলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দিয়ে গেল পুলিশ।
এরপর ক্যাম্পের ভিতর হাঁটতে লাগলেন জাফর। তিনি অন্যদের খুঁজছিলেন। কিন্তু কাউকে পেলেন না। তারা সবাই কাজে চলে গেছে।
ইতিমধ্যে পুলিশ চলে গেছে। কিন্তু তিনি আবার ফিরে আসবেন বলে গেছেন।
২৭ বছরের আলম জানান, ‘সপ্তাহে প্রায় প্রতিদিনই ওই পুলিশ কর্মকর্তা এই ক্যাম্পে আসেন। এই ফর্ম পূরণ করার জন্য আমাদের চাপ দেন।’
কিন্তু ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা এই ফর্ম পূরণ করতে রাজি নয়। কেননা তাদের ভয় ভারত সরকার এসব ফর্ম মিয়ানমার দূতাবাসে পাঠাবে। এরপর তাদের জোর করে মিয়ানমারে পাঠানো হবে।
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘রোহিঙ্গাদের সনাক্ত করার জন্য এসব ফর্ম পূরণ করতে বলা হয়েছে। যাতে করে মিয়ানমারের সঙ্গে এ নিয়ে একটি কূটনৈতিক সংযোগ স্থাপন করা যায়।’
গত ৪ অক্টোবর ৭ রোহিঙ্গা পুরুষকে জোর করে মিয়ানমার সীমান্তে ঠেলে পাঠিয়েছে ভারত। তারা হলেন: মোহাম্মদ জালাল, জালালউদ্দিন, মোহাম্মদ ইউনুস, সাব্বির আহমেদ, রহিম উদ্দিন ও মোহাম্মদ সেলিম। এ নিয়ে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় বয়ে গেছে।
এ নিয়ে কোনো হস্তক্ষেপ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত বলছে, ‘ওই সাতজনকে নিজেদের নাগরিক হিসেবে স্বীকার করে নিয়েছে ওই দেশ।’ তাই তারা সরকারি সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি না।
এ ঘটনার পর থেকে কালিন্দি কুঞ্জ ক্যাম্পে অবস্থানরত ৫০ রোহিঙ্গা পরিবার আতঙ্কে ভুগছে। তারা গত কয়েক বছর যাবত এই শিবিরে বসবাস করছে। তাদের আশঙ্কা মিয়ানমারে ফিরে গেলে তাদের জেলে ঢোকাবে দেশটির সরকার।
জাফর আলম জানান, ‘মিয়ানমারে ফেরত পাঠানোর আগে ওই ওই সাত রোহিঙ্গা ২০১২ সাল থেকে ভারতীয় জেল বা কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি ছিলেন। কিন্তু মিয়ানমার সরকার তাদের নিজেদের বাড়িতে ফিরতে দেবে না। বরং জেলে পাঠাবে। তাই আমরাও ভয়ে আছি।’
ভারতে সবমিলিয়ে ৪০ হাজারের মত রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। সে দেশের সরকারের ধারণা, এসব রোহিঙ্গারা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাই তাদের জোর করে ফেরত পাঠাতে চায় নয়াদিল্লি।
রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারীদের বেশিরভাগই দিনমজুর বা রিক্সচালক হিসেবে কাজ করে থাকে। তারা ভারত সরকারের এই অভিযোগ নাকচ করে দিয়েছে।
এ সম্পর্কে ২৪ বছরের আমান জামাল বলেন, ‘আমাদের ওপর পুলিশের কাছে সমস্ত তথ্য আছে। আমরা পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে অনেক কষ্ট করি। আমরা কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত নই। আমাদের সম্প্রদায়ের একজন লোকও কোনো খারাপ কাজ করেন না।’
কালিন্দি কুঞ্জ ক্যাম্পে স্ত্রী আর মেয়েকে নিয়ে থাকেন নূর কাসিম (৩০)। তিনি আল জাজিরাকে বলেন, ‘আমরা এখানে কেন বা কোন পরিস্থিতিতে এখানে এসেছি এবং অবস্থান করছি ভারত সরকারের তা বোঝা উচিত।’
কাসিম পেশায় একজন দিনমুজুর। তিনি ২০১২ সাল থেকে এখানে বসবাস করছেন। মাসে তিনি ৯৫ ডলার আয় করেন।
তিনি বলেল,‘২০১২ সাল থেকে আমি আমার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে পারছি না। আমি তো দেশে ফিরতে চাই। আবারো বাবা-মা, ভাইবোন সবাইকে নিয়ে বসবাস করতে চাই। কিন্তু আমার তো কোনো উপায় নেই।’
কাসেম দুঃখ করে আরো বলেন,‘আমি তো ঘরবাড়ি, ব্যবসা, জমাজমি, গবাদি পশু সব ছেড়ে এখানে এসেছি।’
মিয়ানমারের সংখ্যাগুরু বৌদ্ধ জনগোষ্ঠী ও সেনা হামলার মুখে বাংলাদেশ ও ভারতে আশ্রয় নিয়ে এসব রোহিঙ্গারা। গতবছরের ২৫ আগস্টের পর সেনা হামলার মুখে বাংলদেশে পালিয়ে এসেছে ৭ লাখের বেশি রোহিঙ্গা। এদেশে সবমিলিয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনা হামলাকে ‘গণনিধন’বলে উল্লেখ করেছে জাতিসংঘ। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
সবশেষে কাসিম বলেন,‘ভারত চাইলে আমাদের তাড়িয়ে দিতে পারে। আমরা কিছুই করতে পারবো না। কারণ আমরা তো এদেশের নাগরিক নেই। কিন্তু তাদের (ভারত) উচিত মিয়ানমারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা। এই পরিস্থিতিতে মিয়ানমারে ফেরত পাঠানোর চাইতে আমাদের এখানে মেরে ফেলা হউক। কেননা সেখানে গেলে তো আমরা এমনিতেই মারা যাব।’















