রাশিয়ার সয়ুজ রকেটকে মাঝপথে যে কারণে পৃথিবীতে ফিরে আসতে হলো

921

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উৎক্ষেপন করা একটি সয়ুজ রকেটে ত্রুটি দেখা যাওয়ার পর এটির দুই নভোচারীকে বহনকারী ক্যাপসুলটি ফিরে এসেছে এবং নিরাপদে কাজাখাস্তানে অবতরণ করেছে। রুশ নভোচারী আলেক্সেই ওভচিনিন এবং মার্কিন নভোচারী নিক হেগ এই রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) যাচ্ছিলেন। তারা দুজনেই ভালো এবং নিরাপদ আছেন বলে বলা হচ্ছে।

তাদের বহনকারী ক্যাপসুলটি কাজাখাস্তানের যে অঞ্চলে অবতরণ করেছে সেখানে তাদের খোঁজে তল্লাশি দল পাঠানো হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানোর জন্য তাদের বহনকারী রকেটটি উৎক্ষেপন করা হয় বৃহস্পতিবার ভোরে। এটি ছয় ঘন্টা পর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছানোর কথা ছিল।

কিন্তু সয়ুজ রকেটের ‘বুস্টারে’ কারিগরি ত্রুটি দেখা দেয়ার পর এটিকে ‘ব্যালিস্টিক ডিসেন্ট মডে’ পৃথিবীতে ফিরিয়ে আনা হয় বলে জানাচ্ছে নাসা। ‘ব্যালিস্টিক ডিসেন্ট মড’ মানে হচ্ছে সাধারণত যে কোনাকুনি পথে কোন রকেট পৃথিবীতে ফিরে আসে, তার চেয়ে অনেক খাড়া বা সোজা পথে এটিকে পৃথিবীতে অবতরণ করানো।
রুশ নভোচারী আলেক্সেই ওভচিনিন এবং মার্কিন নভোচারী নিক হেগ আগামী ছয় মাস আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকবেন বলে কথা ছিল।

রুশ নির্মিত সয়ুজ রকেটের ডিজাইন করা হয়েছে বহু দশক আগে। কিন্তু এটিকে এখনো বিশ্বের সবচেয়ে নিরাপদ রকেটগুলোর একটি বলে মনে করা হয়। এই মূহুর্তে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাতায়তের জন্য এই সয়ুজ রকেটই একমাত্র ভরসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ যান কর্মসূচী শাটল বন্ধ করে দেয়া হয় অনেক বছর আগে।
সূত্র:বিবিসি