ঢাকা সংবাদদাতা: বিশ্বনেতারা চাইলে কী ক্ষমতায় টিকে থাকা যায়’ বলে প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দোতলায় শহীদ একেএম সিদ্দিক হলে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত ‘খালেদা জিয়া, তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ’ শীর্ষক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবার গর্ব করে বলেন, বিশ্বনেতারা সব আমাকে চাচ্ছে, আমাদেরকে চাচ্ছে। যে দেশের জনগন চায় না। বিশ্বনেতারা চাইলে কী ক্ষমতায় টিকে থাকা যায়। আমাদের নেতা শওকত মাহমুদ বললেন চস্কেুর কথা। চস্কুকে তো খুঁজে পাওয়া যায়নি। আন্ডার গ্রাউন্ডে গিয়েও সে রক্ষা পায়নি। শেষ পর্যন্ত ফায়ারিং স্কোয়াডে তাকে পরিণতি ভোগ করতে হয়েছে।
নির্বাচনের আগেই সরকার বিএনপির শীর্ষ নেতাদের মামলা দ্রুততার সাথে শেষ করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ম্যাডামের মামলায় দেখছেন যে, কী ভয়াবহ ঘটনা ঘটেছে তার সঙ্গে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহেব মামলাগুলোও একই ঘটনা ঘটছে। আমাদের স্থায়ী কমিটির সদস্যদের বিরুদ্ধে আগে যেসব মামলা ছিলো সেই মামলাগুলো এখন এক্সেপেডাইড করার জন্য সাপ্তাহে তিনদিন মামলার তারিখ দিচ্ছে । অর্থাৎ দ্রুততার সঙ্গে নির্বাচনের পূর্বে তারা সব কিছু শেষ করতে চায়। বিএনপিকে এতো ভয় কেনো? জনগনকে এতো ভয় কেনো? কেনো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চান না? কারণ আপনি জেনে গেছেন যে, জনপ্রিয়তা এখন আপনার শূণ্যের কোঠায় এসে গেছে।















