খেলাধুলা ডেস্ক: টপলেস হলেন টেনিস সেনসেশন সেরেনা উইলিয়াম। দু’হাতে কোনোমতে রক্ষা করলেন সম্ভ্রম। হ্যাঁ, সত্যি খবর এটি। নতুন করে স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে প্রচারণায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন। এ দৃশ্যের ভিডিও ধারণ করে পোস্ট করেছেন নিজের ইন্সটাগ্রামে। ব্যাস, সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে পুরো বিশ্ব। ছড়িয়ে পড়েছে মিডিয়াজগতে এ খবর।
সেরেনা উইলিয়ামের বয়স এখন ৩৭ বছর।
তিনি জানেন বিশ্বে প্রতিদিন স্তন ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা বাড়ছে। অনেক ক্ষেত্রে তাদের মৃত্যুর খবরও পাওয়া যায়। তবে শুরুতে যদি স্তন ক্যান্সার সনাক্ত করা যায় বা স্তনের ভিতর ‘লাম্প’ বা দলা পাকানো শক্ত কিছুর উপস্থিতি বোঝা যায় আর সে বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হন, তাহলে অনেকাংশেই রক্ষা পেতে পারেন একজন নারী। এ বিষয়ে স্তন ক্যান্সার সচেতনতা মাস উদযাপিত হচ্ছে। এর নাম দেয়া হয়েছে ব্রেস্ট ক্যান্সার এওয়ারনেস মান্থ। এ উপলক্ষে নিজে শরীরের উপরের অংশের সব পোশাক খুলে ফেলেছেন সেরেনা উইলিয়াম। তারপর দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। আর গেয়েছেন গান ‘আই টাচ মাইসেলফ’।
এ ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আমি দ্য ডিভাইনিস-এর বিশ্বজুড়ে হিট গান ‘আই টাচ মাইসেলফ’ গানটি রেকর্ড করেছি। এর মধ্য দিয়ে নারীদেরকে তাদের স্তন নিয়মিতভাবে চেক করানোর কথা স্মরণ করিয়ে দিয়েছি। তিনি আরো লিখেছেন, হ্যাঁ, এতে আমি হয়তো অস্বস্তিকর অবস্থায় পড়তে পারি। কিন্তু আমি এ কাজটি করতে চেয়েছি। কারণ, স্তন ক্যান্সার এমন একটি ইস্যু, যা সারা বিশ্বের সব বর্ণ, গোত্র, জাতির সব নারীকে আক্রান্ত করে। এক্ষেত্রে আগেভাগেই যদি স্তন ক্যান্সার সনাক্ত করা যায় তাহলে বহু নারীর জীবন রক্ষা হবে। আমি আশা করি আমার এই ভিডিও নারীদেরকে সেই কথাটি স্মরণ করিয়ে দিতে সহায়ক হবে।
সেরেনা উইলিয়াম এই ভিডিও পোস্ট করার পর তার ভক্তরা ব্যাপক প্রশংসা করেছেন। তার গানের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, তুমি দেখি গানও গাইতে পারো! আরেকজন লিখেছেন, খুবই সুন্দর হৃদয়স্পর্শী। কারণ, আমার বোনেরও স্তন ক্যান্সার আছে। আরেকজন লিখেছেন, তোমার এই ভিডিও আমি ভালবাসি। আমি জানতাম না তুমি এত মেধাবী একজন গায়িকাও।















