ঢাকা সংবাদদাতা: পাট থেকে পলিথিন (জুটপলি) উৎপাদন করতে যুক্তরাজ্যের বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)।
আজ মঙ্গলবার সচিবালয়ে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং পাট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফয়জুর রহমান চৌধুরীর উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজেএমসির পক্ষে বিজেএমসির সচিব এ কে এম তারেক এবং যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান ফুটামুরা কেমিক্যালের পক্ষে কোম্পানির জেনারেল ম্যানেজার প্রিমি কোউল হার্ড চুক্তিতে সই করেন।
বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিজ্ঞানী ড. মুবারক আহম্মেদ খান পাটের সেলুলোজ থেকে সোনালি ব্যাগের উদ্ভাবন করেন। এটি পচনশীল ও পরিবেশবান্ধব পলিব্যাগ।














