ইংরেজ মানসিকতা একটা রোগ: ভাইস প্রেসিডেন্ট নাইডু

494

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, ‘ইংরেজ মানসিকতা’ একটা রোগ, ইংরেজি ভাষা নয় এবং ভারত তার সমৃদ্ধশালী ঐতিহ্য নিয়ে গর্ব করা উচিত। চলতি মাসের শুরুর দিকে দিল্লিতে হিন্দি দিবসের এক অনুষ্ঠানে একটি মন্তব্যকে ঘিরে আলোচনা সৃষ্টি হওয়ার পর তিনি এ কথা বললেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভাইস প্রেসিডেন্ট বলেন, আমাদের মাতৃভাষাকে রক্ষা ও উৎসাহ দেয়ার জন্য আমি এক জায়গা বক্তব্য দিচ্ছিলাম কিন্তু কিছু মিডিয়া লিখেছে যে আমি বলেছি, ইংরেজি ভাষা একটা রোগ। কিন্তু আমি ইংরেজি ভাষা নয় বরং মানসিকতাকে রোগ বলেছি।

নাইডু বলেন, ইংরেজি ভাষা কোনও রোগ নয় কিন্তু ইংরেজ মানসিকতা রোগ, যা আমরা ব্রিটিশদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি।

শুক্রবার ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি গোয়া (এনআইটি গোয়া)-র চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণকালে নাইডু এ কথা বলেন। তিনি বলেন, ব্রিটিশরা এ দেশ ছেড়ে চলে গেছে কিন্তু তারা হীনমন্যতা তৈরি করে গেছে। তারা আমাদের ভেতর এমন মনোভাব তৈরি করেছে যে ব্রিটিশরা বড়, বিদেশিরা বড় এবং আমরা মূল্যহীন।

ভারতের ভাইস প্রেসিডেন্ট বলেন, আমাদের এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের ঐতিহ্য, অতীত ও দেশের মহৎ নেতাদের নিয়ে আমাদের গর্ব করা উচিত।

নাইডু বলেন, ভারত কখনও কাউকে আক্রমণ করেনি কিন্তু বহিঃশত্রু ভারতকে ‘ধ্বংস’ করেছে। তিনি বলেন, তারা আমাদের শাসন করেছে, ধ্বংস করেছে। আমাদের শুধু আর্থিকভাবেই নয় মানসিকভাবেও ধ্বংস করেছে। কেউ কেউ সেই রোগে ভুগছে। তিনি জোর দিয়ে বলেন, ভারতীয়দের তাদের শেকড়ে ফিরে যেতে হবে।