আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে গত ৩০ মার্চ থেকে গাজা উপত্যকায় অব্যাহত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি জনতা। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিনি মুসল্লিরা ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে সেটি লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। গুলিতে এক শিশুসহ কমপক্ষে ছয় ফিলিস্তিনি নিহত এবং আরো পাঁচ শতাধিক আহত হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে জানান, গুলি করে ছয় বিক্ষোভকারীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫০৬ জন। এ নিয়ে গত ৬ মাসে ইসরায়েলি হামলায় নিহত হল কমপক্ষে ১৮০ ফিলিস্তিনি। আহত হয়েছে ১৮ হাজারের বেশি মানুষ।
শুক্রবার নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। এছাড়া বাকি পাঁচজনের বয়সও ১৭/১৮’র বেশি নয়।
এ নিয়ে মোট ২৭টি শুক্রবার ধরে ইসরায়েলি ভূমি দখলের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ করেছে ফিলিস্তিনি জনতা।
সূত্র: আল জাজিরা















