ঢাকা সংবাদদাতা: আগামী নির্বাচনে কোন অশুভ শক্তি বিএনপি-জামায়াতকে সমর্থন দেয়ার নামে কোন নৈরাজ্য করলে তা মোকাবেলার জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, তারা যদি কোন নাশকতা সৃষ্টি করে তবে হাত-পা ভেঙ্গে দেবেন।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত টেকসই গণতন্ত্র ও উন্নয়ন শীর্ষক তৃণমূল কর্মী সম্মেলনে এ নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, জামানত বাজেয়াপ্ত কামাল, মান্না ও জাফরুলরা জামায়াত-বিএনপির সঙ্গে এক হয়েছেন। যাতে আগামীতে দেশে কোন নির্বাচন না হয়; আওয়ামী লীগ যাতে ক্ষমতায় যেতে না পারে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ঐক্যের নামে আবারও কিছু মুখ চেনা অশুভ শক্তি মাঠে নামার চেষ্টা করছে। তারা আন্দোলনে পরাজিত হয়, নির্বাচনের মাঠে পরাজিত হয়। তাদের জামানত বাজেয়াপ্ত হয়। এরা সবসময় মুক্তিযদ্ধের পক্ষের শক্তিকে ভয় পায়। এদের পেছনে কারা আছে তা আমরা জানি।
উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট চেয়ে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগই ইসলামকে সুসংহত করেছে। কওমী মাদ্রাসার ছাত্ররা তাদের সার্টিফিকেটের কোন মূল্য পাচ্ছিল না। সেখানে আওয়ামী লীগ সরকারই সংসদে কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়ে বিল পাশ করেছে। শুধু তাই নয় সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে; অথচ বিএনপি নেতারা এই মসজিদ নির্মাণের বিরোধীতা করে আসছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলামের ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার (অবঃ) এনামুল হক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়াসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।














