জঘন্য কাজ করেছে মিয়ানমার: প্রধানমন্ত্রী

608

ঢাকা সংবাদদাতা: ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ছবি দিয়ে অপপ্রচার চালিয়ে মিয়ানমার জঘন্য কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য সমাপ্ত নেপাল সফর উপলক্ষে রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।

মিয়ানমার সেনাবাহিনীর পাবলিক রিলেশন অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ডিপার্টমেন্ট ১১৭ পৃষ্ঠার ওই বইটি জুলাই মাসে প্রকাশ করে। তারা ওই বইয়ে প্রকাশিত ছবিকে ‘ডকুমেন্টারি ফটো’ বলে উল্লেখ করেছে। অথচ এর মধ্যে বেশ কিছু ছবি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ছবি।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশেও এমন ঘটনা ঘটেছে। বিএনপি জামায়াত এমন করেছে। কাবাঘরের ছবি নিয়ে অপপ্রচার চালিয়েছে, হাইতি ভূমিকম্পের ছবি দিয়ে অপপ্রচার চালিয়েছে। মিয়ানমার বিএনপি-জামায়াতের কাছ থেকে এসব শিখে নিল কিনা? মিয়ানমার যেটা করেছে, সেটা অত্যন্ত জঘন্য কাজ। আন্তর্জাতিক ভাবে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

মিয়ানমারের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশি দেশের সঙ্গে সংঘাত চাই না। আমাদের দেশে ১১ লাখ রোহিঙ্গা আছে। আন্তর্জাতিক সম্প্রদায় আমদের সহযোগীতা করছে। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। চুক্তি স্বাক্ষর হয়েছে, সবই হচ্ছে। মিয়ানমারের সাথে কথা হলে তারা আপত্তি করে না, বলে নিয়ে যাব। কিন্তু নিয়ে যাচ্ছে না।

কাঠমান্ডুতে ৪র্থ ‘বে অব বেঙ্গল ইনেসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমস্টেক) সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার নেপাল যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । দু’দিনের সরকারি সফর শেষে শুক্রবার দেশে ফিরে আসেন তিনি।

সম্মেলনের ফাঁকে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে তারা দু’দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে একত্রে কাজ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। সেখান থেকে ফিরেই এই সংবোদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।