আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশগামী একটি জাহাজ ঝড়ের মধ্যে পড়ে হারিয়ে যাওয়ার পর সেটিকে পাইলট ও ক্রুহীন অবস্থায় উদ্ধার করেছে মিয়ানমারের নৌবাহিনী। এটিকে ভূতুড়ে জাহাজ ভেবে দেশটিতে আলোচনাও চলছিল বেশ।
বৃহস্পতিবার পাইলট ও মাষ্টার ছাড়া জাহাজটিকে উদ্ধার করা হয়।
বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূল থেকে ১১ কিলোমিটার দূরে মারতাবান উপসাগরে বিশাল ওই মালবাহী জাহাজকে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে দেখে বিস্মিত এবং শঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয় জেলেরা।
পরে তারা খবর দেয় মিয়ানমার নৌ বাহিনীকে। জাহাজটিতে উঠে দেখে সেটিতে কোনো নাবিক বা ক্রু কেউই নেই। বিশাল জাহাজটিতে কোনো পণ্যও নেই। একবারে খালি, সুনসান। দুদিন ধরে তদন্তের পর শনিবার মিয়ানমারের পুলিশ বলছে রহস্য ভেদ করা গেছে।
দেশটির পুলিশ জানায় ‘স্যাম রাতুলাংগি পিবি ১৬০০’ নামে কন্টেইনার জাহাজটি ইন্দোনেশিয়ার। এটিকে ভাঙ্গার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে।
অন্য একটি জাহাজ এটিকে তার দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু গত সপ্তাহে ঝড়ের ভেতর পড়ে দুটো তারই ছিড়ে গেলে কন্টেইনার জাহাজটি পাইলট জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
মিয়ানমার নৌবাহিনী তাদের রার্ডারের রেকর্ড ঘেটে দুটি এ তথ্য জানা গেছে। বাহিনীটি তাদের ফেসবুক পেজে জানিয়েছে ‘ইন্ডিপেন্ডেন্স’ নামে ইন্দোনেশীয় ঐ পাইলট জাহাজটিতে ১৩ জন ক্রু ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই জাহাজটির রহস্য উন্মোচিত হয়েছে।
জানা গেছে, ২০০১ সালে তৈরি মালবাহী জাহাজটি সম্প্রতি অকেজো বলে ঘোষিত হওয়ার পর সেটিকে ভাঙার জন্য বাংলাদেশের চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিলো। এটির ওজন ২৬,৫০০ টন। দুটো জাহাজই এখন মিয়ানমারের নৌবাহিনীর কব্জায়। তারা জানিয়েছে, তদন্ত চলছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি বলছে, তারা বিষয়টি জেনেছেন এবং নেপিডোতে ইন্দোনেশিয়ার দূতাবাস বিষয়টি দেখছে।















