রনিল বিক্রমাসিংহেই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

312

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার পার্লামেন্ট দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহকেই বেছে নিয়েছে।
মূল্যস্ফীতি এবং খাদ্য, জ্বালানি ও ওষুধ ঘাটতির কারণে সৃষ্ট ব্যাপক জনঅসন্তোষ ও গণবিক্ষোভে গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর পদত্যাগ করলে সেসময় প্রধানমন্ত্রী থাকা রনিল ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছিলেন।

বুধবার দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতারা তাকেই গোটাবায়ার বাকি মেয়াদ পূরণের জন্য পূর্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

শ্রীলঙ্কার গণমাধ্যম সিলন টুডে জানিয়েছে, পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের সভাপতিত্বে পার্লামেন্টের অধিবেশন শুরু হয়।

প্রেসিডেন্ট পদে বুধবার যে তিন প্রার্থী লড়েন তাদের মধ্যে রনিল ছাড়াও ছিলেন শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল পদুজানা পেরামুনা পার্টির সাংসদ দুল্লাস আলাহাপেরুমা ও ন্যাশনাল পিপলস পাওয়ারের নেতা কুমারা দেশানায়েকে।

পার্লামেন্টের ২২৫ সদস্যের মধ্যে সেলভারাজা গজেন্দ্রন ও জি জি পন্নামবালাম বাদে বাকি সবাই ভোট দিয়েছেন; এর মধ্যে চারটি ভোট বাতিল হয়।

১৩৪ ভোট পেয়ে রনিল প্রার্থীদের মধ্যে সবাইকে ছাড়িয়ে যান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পান ৮২ ভোট। দেশানায়েকের বাক্সে পড়ে মাত্র ৩ ভোট।

আইনপ্রণেতারা নতুন প্রেসিডেন্ট হিসেবে রনিলকে বেছে নিলেও স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার জনগণ তাকে মেনে নেবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

সংকটের জন্য লঙ্কানরা যাদের দায়ী করছে, রনিল সেই রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় অনেকেই তাকে সন্দেহের চোখে দেখেন।

তুমুল বিক্ষোভের পর মাহিন্দা পদত্যাগ করলে, রাজাপাকসে পরিবার তাকে (রনিল) প্রধানমন্ত্রী করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল।

তাতে লাভ হয়নি, শেষমেষ গোটাবায়াকে দেশ থেকে পালাতে ও পদত্যাগ করতে হয়েছে। এরপর থেকে বিক্ষোভকারীদের ক্ষোভের তীর রনিলের দিকে।

রনিল প্রেসিডেন্ট হলে ক্ষমতাসীন অভিজাতদের প্রতি ক্ষিপ্ত জনতা ফের বিক্ষোভ শুরু করতে পারে, এমন আশঙ্কা থেকেই যাচ্ছে।

মঙ্গলবার প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর কলম্বোয় বিক্ষোভের ডাক দেওয়া দুমিন্দা নাগামুয়া বলেন, “আমরা রনিলের বিরুদ্ধে বিক্ষোভ করছি, তিনি একজন দুর্নীতিপরায়ণ লোক। রনিল ক্ষমতায় এলে স্থিতিশীলতা থাকবে না।”