আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিওটিও) থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, এই বাণিজ্য সংস্থাটি তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আচরণ করছে না।
ব্লুমবার্গ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা যদি নিজেদের সংশোধন না করে তাহলে আমরা ডব্লিউটিও থেকে বেরিয়ে যাব।’
এই বাণিজ্যিক সংস্থাটি বিশ্ব বাণিজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন নিয়মাদি তৈরি এবং বিবাদমান দেশগুলোর মধ্যে মতপার্থক্য দূর করার চেষ্টা করে থাকে।
তবে ট্রাম্পের অভিযোগ, এই সংস্থাটি প্রায়ই মার্কিন স্বার্থ বিরোধী আইন তৈরি করে থাকে।
চলতি বছরের প্রথম দিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একই দাবি করেছিলেন ট্রাম্প। তখন তিনি বলেন, এ সংস্থাটি তৈরিই হয়েছে, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশগুলোর স্বার্থ দেখার জন্য। তিনি আরো বলেন, ‘ডব্লিউটিও’র প্রায় সব মামলায় আমরা হেরে গেছি।’
তবে পর্যবেক্ষকরা বলছেন, প্রায় ৯০ শতাংশ মামলায় যুক্তরাষ্ট্র জিতেছে।
ট্রাম্প এমন এক সময়ে এই হুঁশিয়ারি দিলেন যখন তার সুরক্ষামূলক বাণিজ্য নীতি এবং ডব্লিওটিও’র অবাধ মুক্ত বাণিজ্য নীতির মধ্যে সংঘাত দেখা দিয়েছে।
সম্প্রতি ডব্লিওটিও’র বিরোধ নিষ্পত্তিতে নতুন বিচারক নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। যার ফলে সংস্থাটির গুরুত্বপূর্ণ বিচার কার্যক্রম পদ্ধতি অচল হয়ে পড়েছে।
এর আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লিথিজার অভিযোগ করে বলেছিলেন, ডব্লিওটিও যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে নাক গলাচ্ছে।
প্রসঙ্গত, বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৬৪ এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে
সূত্র: বিবিসি















