৯ বছরের শিশুর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

492

ঢাকা সংবাদদাতা: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় নিশি আক্তার নামের নয় বছরের এক শিশু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার আওনা ইউনিয়নের স্থলগ্রামে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি স্থলগ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। সে স্থানীয় বাদল প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণিতে ছাত্রী।

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিশি আক্তার বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যেতে না চাইলে তার মা আঙ্গুরী বেগম তাকে বকা দেন। এরপর থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। আধা ঘণ্টা পর স্বজনরা তাকে গোসলখানার টিনের চালের ধর্নার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত না করেই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জোয়াহের হোসেন খান জানান, ‘শিশুটি যে খুবই রাগী ছিল তা তার পরিবারের সদস্যরাই জানিয়েছেন। মায়ের ওপর রাগ করেই সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন লেখার পর শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।