ঢাকা সংবাদদাতা: রাজধানী ঢাকায় নিরাপদ সড়ক দাবিতে ছাত্রদের আন্দোলনে উষ্কানি দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে মিরসরাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক কামরুন নাহার রুমী জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
আত্মসমর্পন করা নেতারা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়াররহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুকুল আলম সোহান, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি নেতা বেলাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন, উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন।
ঢাকায় ছাত্র আন্দোলনে উস্কানী দেয়ার অভিযোগে গত ৬ আগষ্ট জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় হাইকোর্ট থেকে অন্তবর্তিকালীন জামিন নেয়ার পর মঙ্গলবার নিন্ম আদালতে আত্মসমর্পণ করেন তারা।














