তুরস্ককে ছাড় নয়: ট্রাম্প

1186

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যাজক এন্ড্রু ব্রানসনের মুক্তির জন্য তুরস্কের কাছে নতি স্বীকার কিংবা ছাড় দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রানসনের মুক্তি লাভের জন্য তুরস্কের কোনো দাবিই যুক্তরাষ্ট্র মানবে না জানিয়ে সোমবার ট্রাম্প বলেন, আমি মনে করি তুরস্ক যা করছে তা খুবই দুঃখজনক। তারা ভয়ঙ্কর ভুল করছে। তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।

যুক্তরাষ্ট্রে আটক এক তুর্কি নাগরিককে মুক্তি দিতে ইসরায়েলকে রাজি করতে সহায়তা করার পর তুরস্কও এর প্রতিদানে যাজক ব্রানসনকে মুক্তি দেবে- এমনটাই তিনি আশা করেছিলেন বলে জানান ট্রাম্প।

কিন্তু তুরস্ক এখনো ব্রানসনকে মুক্তি না দেয়ায় ট্রাম্প শাস্তিস্বরূপ তুর্কি ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর অতিরিক্ত শুল্কারোপ করেছেন।

ন্যাটোর দুই দেশ তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এমন রেষারেষিতে ইউরোপসহ উদীয়মান অর্থনীতির বাজারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এ বিষয়টি নিয়েও ট্রাম্প চিন্তিত নন বলে জানিয়েছেন।

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রায় দুবছর ধরে মার্কিন যাজক ব্রানসনকে আটক রেখেছে তুরস্ক। তবে ব্রানসন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে কোনো চক্রান্তে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।