টাওয়ার হ্যামলেটসের মসজিদগুলোকে বিশেষ নিরাপত্তা দিবে পুলিশ – মেয়র জন বিগস

1238

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার মসজিদগুলিতে বিশেষ নিরাপত্তা দিবে পুলিশ। সোমবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানিয়েছে কাউন্সিল। এতে বলা হয় ফিন্সবারী পার্ক মসজিদের মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। এক বিশেষ বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। তিনি বলেছেন, নির্দোষ মুসল্লীদের উপর এধরনের হামলা নৃশংস এবং কাপুরুষোচিত।

বিবৃতিতে তিনি আরো বলেন, গত কয়েকদিনে আমাদের এই মহান শহর আরো বেশকটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। আর যারা এই হামলার পিছনে রয়েছে তাদের একটাই উদ্দেশ্য আমাদেরকে বিভক্ত করা। কিন্তু তারা এই কাজে কখনোই সফল হবে না। কারন প্রতিটি হামলার পরই আমাদের কমিউনিটি ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে। এবারও এর ব্যতিক্রম হবে না। মেয়র বলেন, সন্দেহ নেই ফিন্সবারী পার্ক মসজিদের ঘটনার পর আমাদের অনেকের মনেই নিরাপত্তাজনিত উদ্বেগ এবং আশংকার সৃষ্টি হয়েছে।

আর এজন্য আমি আমার কমিউনিটি সেইফটি বিষয়ক কেবিনেট মেম্বার নিয়ে পুলিশের বারা কমান্ডারের সাথে টাওয়ার হ্যামলেটসের নিরাপত্তা ইস্যুতে সোমবার সকালে এক বিশেষ বৈঠকে অংশ নেই। বৈঠকে বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে, বিশেষ করে মসজিদের আশেপাশে পুলিশের উপস্থিতি বাড়ানোর সিন্ধান্তের কথা বারা কমান্ডার আমাদেরকে অবহিত করেন এবং আমরা একে স্বাগত জানাই।

কেবিনেট মেম্বার ফর কমিউনিটি সেইফটি কাউন্সিলার আসমা বেগম বলেন, ফিন্সবারী পার্ক মসজিদের ঘটনার পরপরই সোমবার সকালে কাউন্সিলের উদ্যোগে বারার পুলিশ প্রধান এবং ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে জরুরী বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে টাওয়ার হ্যামলেটসে এধরনের হামলা এড়াতে সর্বোচ্চচ সতর্কতা নেয়ার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা হয়। বৈঠকে মসজিদের আশে পাশে পুলিশের উপস্থিতি বাড়ানোর বিষয়টিকে আমরা সবাই স্বাগত জানাই এবং নিরাপত্তা ইস্যুতে মসজিদ এবং কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক সাথে কাজ করে যাবার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।