যে কোনো মুহূর্তে সরকার হুড়মুড় করে পড়ে যাবে: রিজভী

401

ঢাকা সংবাদাদতা: যে কোনো মুহূর্তে কালবৈশাখীর মত্ত ঝাপ্টায় বিনা ভোটের সরকার হুড়মুড় করে পড়ে যাবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি করেন।

হামলা, মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, অনাচারগুলোর উত্তর একদিন ক্ষমতাসীনদের দিতেই হবে। জবাবদিহিতার দিন ঘনিয়ে আসছে। ঈশান কোণে কালো মেঘ দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে কালবৈশাখীর মত্ত ঝাপ্টায় বিনা ভোটের সরকার হুড়মুড় করে পড়ে যাবে।

তিনি বলেন, আর একদিন পরই মুসলিম বিশ্বের আরেকটি বড় উৎসব ঈদ-উল আযহা। ঈদ মানেই উৎসব, ঈদ মানেই আনন্দ। কিন্তু মানুষের মনে কোনো ঈদের আনন্দ নেই। দেশে যে ভয়াবহ দুঃশাসন ও স্বৈরশাসন চলছে, এর যাতাকলে পিষ্ট হয়ে গোটা জাতি আজ আতঙ্কিত উৎকন্ঠিত।

রিজভী বলেন, বিগত দিনগুলোতে কোরাবানির ঈদেও রাজধানীসহ সারাদেশের মার্কেটগুলো ঈদের আগে জমজমাট থাকত। এক দশকের মধ্যে ঈদ বাজারে এমন মন্দাভাব আগে কখনও দেখা যায়নি । ব্যবসায়ীরা দোকানে দোকানে ঈদের সামগ্রী তুলে বিপাকে পড়েছেন। বেচা-বিক্রি বন্ধ!

রাস্তাঘাটের বেহাল অবস্থার জন্য ঘরমুখো মানুষ প্রচণ্ড দুর্দশার মধ্যে পড়েছে মন্তব্য করে বিএনপির এ মুখপাত্র বলেন, দুঃশাসনের অবসান ছাড়া দেশের মানুষের মুক্তি মিলবে না, মিলবে না স্বস্তি। শুধুমাত্র গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে, সত্যিকারভাবে মানুষ তার পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলেই কেবল মুক্তি মিলবে এ জাতির।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, আসাদুল করিম শাহীন, মুনির হোসেন, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।