রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সেনাবাহিনীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

531

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের চার সামরিক ও পুলিশ কমান্ডারসহ দুটি সামরিক ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর দমন-পীড়নের ঘটনায় শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

রোহিঙ্গা নিপীড়নের জবাবে মিয়ানমারের বিরুদ্ধে এবারই প্রথম এতটা কঠোর পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

যদিও এ নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তাকে রাখা হয়নি। ফলে এই নিষেধাজ্ঞা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে মানবাধিকার কর্মীরা।

তাছাড়া, রোহিঙ্গা বিরোধী প্রচারকে মানবতার বিরুদ্ধে অপরাধ কিংবা গণহত্যা বলেও ঘোষণা করেনি ট্রাম্প প্রশাসন। এ নিয়ে বিতর্ক রয়েছে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে।

যুক্তরাষ্ট্র মিয়ানমারের যেসব সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা হলেন: অং কি যা, খিন মং সোয়ে এবং খিন হ্লাইং। নিষেধাজ্ঞার আওতায় এসেছে সেনাবাহিনীর ৩৩তম এবং ৯৯তম লাইট ইনফেন্ট্রি ডিভিশন। বর্ডার পুলিশের কর্মকর্তা থুরা সাং লিনের বিরুদ্ধেও বলবৎ রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা।

গত বছরে ২৫ আগস্ট রাখাইন রাজ্যের মুসলিম ধর্মাবলম্বীদের ওপর নতুন করে সহিংস অভিযান শুরু করে মিয়ানমার সেনারা। তাদের নিপীড়নের মুখে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে ।

এই ঘটনার প্রেক্ষিতে গত অক্টোবরেই আন্তর্জাতিক আইনের আওতায় মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মিয়ানমারের সামরিক নেতৃত্বকেই দায়ী করেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

পরে ডিসেম্বরে মিয়ানমারের মেজর জেনারেল মাউং মাউং সোয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

সূত্র: ইন্টারনেট