ঢাকা সংবাদদাতা: খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। পাহাড়ি দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে ৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার সকাল ৮টা ৪৫মিনিটের দিকে খাগড়াছড়ির স্বনির্ভর বাজার এলাকায় ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এবং তাদের প্রতিপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের লাশ পাওয়া গেছে এবং আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এই ঘটনায় খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা। বাকিদের নাম-পরিচয় এখনও জানা না গেলেও সবাই ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) নেতা-কর্মী বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।















