সৌদি আরবে আরো তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

605

ঢাকা সংবাদদাতা: সৌদি আরবে চলতি বছরের পবিত্র হজ পালন করতে এসে মক্কা নগরীতে আরো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল রোববার এই তিনজন হজযাত্রী মারা যান।

মক্কায় বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সেলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তিন বাংলাদেশি হজযাত্রী হলেন জয়পুরহাট জেলার মো. তোজাম্মল হোসেন (৮২), নোয়াখালী সদরের সুলতান চৌকিদার বাড়ির মো. রহমত উল্লাহ (৫৬) ও পঞ্চগড়ের তোড়িয়ার মো. আবুল হোসেন (৬৮)।

চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত মক্কায় ২৮ জন, মদিনায় পাঁচজন ও জেদ্দায় দুজনসহ সর্বমোট ৩৫ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে ছয়জন নারী ও ২৯ জন পুরুষ।

সোমবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে এক লাখ ১২ হাজার ৬৮৯ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন।