ইংল্যান্ডে ১৮০০ বছরের পুরনো আংটির সন্ধান

619

আন্তর্জাতিক ডেস্ক: প্রাচীন জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সহজাত। সেটি যদি হয় আংটির মতো স্মৃতিচিহ্ন তবে তো কথাই নেই।

১৮০০ বছর আগের একটি আংটি সন্ধান পাওয়া গেছে। আংটিটি সোনার। বেশ কিছু বহুপুরনো স্বর্ণমুদ্রাও পাওয়া গেছে। আংটি ও মুদ্রাগুলো রীতিমতো রোমান আমলের।

ইংল্যান্ডের সমারসেটের এক মাঠে পাওয়া গেছে ওই আংটি। আংটিটি পেয়েছেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য। নাম জেসন।

তিনি ডিটেক্টিং ফর ভেটেরানস- নামের একটি গ্রুপের সদস্য। সমারসেটের এক মাঠে শখের অনুসন্ধান চালাতে গিয়েছিলেন সেই গ্রুপের হয়ে। সেখানে হঠাৎই খুঁজে পেয়েছেন এই মহামূল্যবান জিনিস। আংটিটি ২৪ ক্যারেটের সোনার তৈরি। আংটির ওপরে রোমানদের জয়ের দেবী ভিক্টোরিয়ার ছবি খোদাই করা রয়েছে। অনুমান করা হচ্ছে, সেটি ২০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের সময়কার।

একই জায়গায় সন্ধান মিলেছে ৬০টি রোমান মুদ্রার। যে জমি থেকে ওই আংটি পাওয়া গিয়েছে, সেই জমির মালিকেরও সমান শেয়ার থাকবে প্রাপ্ত এই সম্পত্তিতে। ঐতিহাসিকভাবে অমূল্য সম্পদ হওয়ায় আংটি নিজেদের আওতায় নিয়েছে ব্রিটিশ মিউজিয়াম। এজন্য অবশ্য অর্থও প্রদান করবে তারা।

সূত্র : জিনিউজ।