ঢাকা সংবাদদাতা: রাজধানীর শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়িকে ধাক্কা দিয়েছে একটি বাস। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ির ভিতরেই ছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে নিউ ভিশন পরিবহনের ওই বাসটি মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। বাসে চালক ছিলেন না। বাসটি চালাচ্ছিলেন মানিক নামের এক হেলপার। ওই বাস (নম্বর- ঢাকা মেট্রো ব ১১-৭৪৭৫) ও হেলপারকে আটক করে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।
শেরেবাংলা নগর থানার এসআই রুহুল আমিন বলেন, মন্ত্রী মহোদয় রোগী দেখতে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে এসেছিলেন। রোগী দেখে তিনি নাখালপাড়ার উদ্দেশে রওনা দেন। মন্ত্রীর গাড়িটি হাসপাতালের সামনে কলেজ গেটের বিপরীতে গেলে পেছন দিক থেকে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। বাসটি মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল।
ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) লিটন কুমার সাহা বলেন, থানায় নেয়ার পর বাসটিকে ডাম্পিংয়ে দেয়া হয়। বাসের ধাক্কায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িটি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপণের কাজ চলছে। এ নিয়ে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। কারণ, ক্ষতিগ্রস্ত গাড়িটি ঘটনাস্থলে নেই। মন্ত্রী মহোদয় ওই গাড়ি নিয়েই তার গন্তব্যে চলে গেছেন।















