ঢাকা সংবাদদাতা: দেশব্যাপী নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে এগারটার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান নগরের বড়বাড়ি এলাকায় ওই ছাত্রীকে চাপা দেয়।
এসময় উত্তেজিত জনতা কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে চালককে গণপিটুনি দেয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
নিহত শিক্ষার্থীর নাম ফারজানা আলম মীম (১৯)। মীম টঙ্গী শফিউদ্দীন সরকার একাডেমির একাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের পর গাজীপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা টঙ্গী কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
টঙ্গী সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরা বেগম জানান, ফারজানা আলম মীমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
টঙ্গী থানার ওসি কামাল হোসেন নিহতের খবর নিশ্চিত করেছেন।















