তিন সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

548

ঢাকা সংবাদাদতা: দিনভর উৎসাহ-উত্তেজনা, জাল ভোট, কেন্দ্র দখল, স্থগিত, ভোট বর্জনসহ নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন সিটি করপোরেশনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। এরপর ফল ঘোষণা হবে। সোমবার রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। তিন সিটি করপোরেশনে মোট ভোটার প্রায় ৯ লাখ। প্রাথমিক হিসেবে ৬০ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন।

বরিশাল

বরিশালের ছয় মেয়র প্রার্থীর মধ্যে তিন জন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। অন্য দুজন ভোট স্থগিতের আহ্বান জানিয়েছেন। কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া ও জাল ভোট দেওয়াসহ ব্যাপক অনিয়মের অভিযোগ আনার পর দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়ার প্রার্থী মজিবর রহমান।

এর আগে ভোট বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব ও জাতীয় পার্টির ইকবাল হোসেন।

সিপিবি’র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও বাসদের ডা. মনীষা চক্রবর্তী ভোট স্থগিতের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেন।

এদিকে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের (পুরুষ) ভোট বাতিল করা হয়েছে। কেন্দ্র দখল, জোরপূর্বক ব্যালট ছিনতাই করে সিল মারার অভিযোগে দুপুর ১২টার দিকে কেন্দ্রের ভোট কার্যক্রম স্থগিত করেন প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার।

সিলেট

নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলেছেন সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এসব অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনে জয়ী হলেও ভোট বাতিল ও পুনঃনির্বাচন চাই। তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহরিয়ার হোসেন চৌধুরী অভিযোগ করেন, মোট ৪১ কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

এদিকে, নগরীর ২২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকি পাঁচ কাউন্সিলর প্রার্থীই একযোগে ভোট বর্জন করেছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী সালেহ আহমেদ সেলিম ভোট কেন্দ্র দখল করে নেওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ভোট বর্জনের ঘোষণা দিয়ে ওই ৫ কাউন্সিলর জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তারা।

এই সিটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৩৪ ও ১১৬ নম্বর ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডের সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (পুরুষ ও মহিলা) ধানের শিষের ১৫ জন পোলিং এজেন্টের কাউকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। বিল সিমলা এলাকায় ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ক্রীড়া কমপ্লেক্স কেন্দ্রে (পুরুষ) মেয়র পদে নৌকা প্রতীক ও কাউন্সিলর পদে একজন প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে সকাল ৮টার দিকে সেখানে আসেন ধানের শিষের প্রধান নির্বাচনী এজেন্ট তোফাজ্জল হোসেন। সকাল সোয়া ৯টার দিকে তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সকল এজেন্টরা কেন্দ্রে পৌঁছেছেন। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। আমি এক ঘণ্টার বেশি সময় ধরে এখানে অপেক্ষা করছি ও প্রিজাইডিং কর্মকর্তার কাছে মিনতি করছি— আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হোক।

বিরোধী দলগুলোর এমন অভিযোগের বিপরীত অবস্থান ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের। তিন সিটিতেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বলছেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হচ্ছে। অবাধ ও সুষ্ঠু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিরোধীরা অভিযোগ তুলছেন।