রাস্তায় উড়ছে লাখ লাখ টাকা (ভিডিও)

445

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে রয়েছে তোড়া তোড়া টাকার নোট। এ যেন টাকার বৃষ্টি। আর এই ঘটনার পিছনে পাওয়া গেল এক কোটিপতি মহিলাকে। ইচ্ছে হয়েছে বলে প্রায় ১২ লাখ টাকা ছড়িয়ে দেন তার গাড়ি থেকে।

এমন ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার দেউগু শহরে। চলন্ত গাড়ি থেকে রাস্তায় টাকা উড়িয়ে দেওয়ার ছবি ধরা পড়েছে ক্যামেরায়। আর তার পরেই ভিডিওটি ভাইরাল হয়েছে।

কোরিয়াতে রাস্তায় পড়ে থাকা টাকা তুলে নেওয়াও একটি অপরাধ বলে ধরা হয়। তাই লোকজন লাখ লাখ টাকার নোট রাস্তায় পড়ে থাকতে দেখেও তা না তুলে পুলিশে খবর দেয়। পুলিশ এসে টাকার নোট রাস্তা থেকে উদ্ধার করে।

রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল এই দৃশ্য। সেই ফুটেজ দেখে গাড়িটির নম্বর উদ্ধার করে পুলিশ। যোগাযোগ করা হয় গাড়ির মালিকের সঙ্গে। জানা যায় মহিলা লোকজনকে টাকা দিতে চেয়েছিলেন। তাই এই কাণ্ড ঘটিয়ে বসেছেন।

কিন্তু কেন এভাবে ‘সেবাকাজ’ করতে গেলেন সেই মহিলা সেই ব্যাপারে কোনও ব্যাখ্যা তার কাছ থেকে পাওয়া যায়নি বলেই দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র জানাচ্ছে।

পুলিশ অবশ্য জানিয়েছে, যদি সেই মহিলা চান তাহলে তিনি উড়িয়ে দেওয়া টাকা ফেরত পেতে পারেন থানা থেকে।