বিনোদন ডেস্ক: অবশেষে বিগবি অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে ঠাঁই হতে যাচ্ছে বলিউডের দীপিকা পাড়ুকোনের। বর্তমানে নিজেকে মোমের প্রতিরূপে দেখবেন তিনি। অর্থাৎ মাদাম তুসো জাদুঘরে জায়গা হতে যাচ্ছে তার।
এ খবরে বেশ উচ্ছ্বসিত দীপিকা। সুখবরটি ভক্তদের নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে জানিয়েছেন তিনি।
এ নিয়ে মাদাম তুসোর জাদুঘর থেকে একটি লাইভ ভিডিও পোস্ট করেছেন দীপিকা। ১১ মিনিটের এই ভিডিওতে দীপিকা মাদাম তুসোয় স্থান পাওয়াকে ভক্তদের সিনেমা ছাড়াও অতিরিক্ত কিছু উপহার দেয়া বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মাদাম তুসো জাদুঘর নিয়ে উচ্ছ্বসিত দীপিকা জানান, আমি মাদাম তুসোর জাদুঘরে মাত্র একবারই গেছি। আর তখন আমি খুব ছোট ছিলাম, বাবা-মায়ের সঙ্গে গিয়েছিলাম। আর এখন যখন আমি এই জাদুঘরের অংশ হতে চলেছি, তখন এর আনন্দই আলাদা।
মোমের মূর্তি তৈরির কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দীপিকার শরীরের প্রায় ২০০ রকমের মাপ নিয়েছেন মাদাম তুসোর কর্মীরা। জানা গেছে, লন্ডন ও দিল্লি দুই মিউজিয়ামেই বসবে দীপিকার মোমের মূর্তি।
প্রসঙ্গত কিছু দিন আগে বিরাট কোহলির পাশাপাশি আনুশকা শর্মা এই সম্মানের অধিকারী হয়েছেন। বাহুবলীখ্যাত প্রভাসের মূর্তিও তৈরি হয়েছে সেখানে।
এবার ৩২ বছর বয়সী এই রুপালি পর্দার নায়িকা নিজের মোমের মূর্তি দেখতে মুখিয়ে আছেন।













