আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের নয়ডা এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মুশারফ ওরফে মুসা ও রুবেল আহমেদ। স্থানীয় পুলিশের সন্দেহ তারা নিষিদ্ধ সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ’র (জেএমবি) সদস্য।
উত্তরপ্রদেশ এন্টি-টেরর স্কোয়াড(ইউপি এটিএস) এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানে নয়ডার সুরজপুর থানা থেকে তারা গ্রেপ্তার হন।
ভারতীয় পুলিশ কর্মকর্তাদের ধারণা, আগামী ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের দিন বা তার আগে দিল্লিতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল গ্রেপ্তার হওয়া ওই দুইজনের।
ভারতের প্রবেশের পর তারা কোন কোন জায়গায় তারা অবস্থান করেছিল, তাদের উদ্দেশ কি ছিল, তাদেরকে জেরা করে তা জানার চেষ্টা করছে তদন্তকারী কর্মকর্তারা।
নিরাপত্তা এজেন্সির সূত্র মতে, পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গি সংগঠন জয়ৈশ-ই-মহম্মদ(জেইএম) হামলা চালাতে পারে- এই আশঙ্কায় সতর্ক রয়েছে দেশটির ইন্টেলিজেন্স এজেন্সিগুলো।
সূত্র: জি নিউজ















