ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

433

ঢাকা সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্বপন (২৪) ও মাইদুল ইসলাম (২৬)। নিহতদের বাড়ি রংপুরে বলে জানা গেছে।

নিহতদের সহকর্মী শান্ত দাস জানান, জগন্নাথ হলের ভেতরে পুরাতন আট তলাবিশিষ্ট সন্তোষ ভট্টাচার্য ভবনের উপরে নির্মিত দ্বিতীয় তলায় কাজ করছিলেন তারা। বিকালে স্বপন ও মাইদুল ওই ভবনের নবম তলার বাইরের দিকে মাচাং বেধে দেয়াল আস্তরণের কাজ করছিলেন। এসময় মাচাং কাত হয়ে তারা দুইজনেই নিচে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার বলেন, হলের একটি প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। এমন সময় শুনি, দুইজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছে। পরে আমরা তাদেরকে নিয়ে হাসপাতালে যাই। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। তিনি বলেন, প্রক্টরকে বিষয়টি জানিয়েছি। ইতোমধ্যেই ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের আলোকে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এ ভবন নির্মাণের কাজ দেয়া হয়েছে তাদের বা অন্য কারো কোন ত্রুটি ধরা পড়লে ব্যবস্থা নেয়া হবে। আর মৃতদের যথাযথ ক্ষতিপূরণ আমরা দিবো।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ত. একেএম গোলাম রব্বানী বলেন, আমি হল প্রাধ্যক্ষের কাছ থেকে বিষয়টি শুনেছি। তাকে বলে দিয়েছি তদন্ত কমিটির রিপোর্টের আলোকে এ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে।