ঢাকা সংবাদদাতা: এই বছর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশি হজযাত্রীরা। শনিবার সকাল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। ইতিমধ্যে হজযাত্রীরা সৌদি আরবে অবস্থান নিচ্ছেন।
হজফ্লাইট শুরু হলেও এখনো প্রায় ৯৫ হাজার ৩২৭ হজযাত্রীর ভিসা হয়নি। হজযাত্রীদের পক্ষে এজেন্সিগুলো সময়মত ভিসা ও বিমান টিকিট সংগ্রহ করছে না বলে অভিযোগ আছে। এ পর্যন্ত বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্সের প্রায় ২০ হাজার টিকিট অবিক্রিত রয়ে গেছে। এসব কারণে গতবারের মত এবারও হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরির শঙ্কা দেখা দিয়েছে।
হজ অফিস সূত্রে জানা যায়, চলতি বছর মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জনের হজে যাওয়ার কথা। সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন, কোটা ছিল ৭ হাজার ১৯৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ১ লাখ ২০ হাজার হজযাত্রী।
জানা গেছে, এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রীর মধ্যে শনিবার পর্যন্ত ভিসা হয়েছে ৩১ হাজার ৪৭১ জন হজযাত্রীর। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৩০২ জনের এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ হাজার ১৬৯ জনের। এখনো ভিসা হয়নি ৯৫ হাজার ৩২৭ জনের। তবে শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ভিসার জন্য ডিও ইস্যু হয়েছে ৩৯ হাজার ৫৮৭ জনের। দ্রুত ভিসা সংগ্রহ করা না হলে সমস্যায় পড়বেন হজযাত্রীরা। অনেকের হজযাত্রাই অনিশ্চয়তা দেখা দিতে পারে। তবে একজন হজযাত্রীরাও যাতে সমস্যায় না পড়েন সেজন্য হজ এজেন্সিগুলোর সংগঠন হাব দ্রুত ভিসা ও টিকিট সংগ্রহে এজেন্সিগুলোকে তাগাদা দিয়ে যাচ্ছে।
জানা গেছে, হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়াসহ অন্যান্য কাজে সৌদি আরবে অবস্থান করছে অনেক বেসরকারি হজ এজেন্সি। আবার অনেক এজেন্সি বাড়ি ভাড়ার ফিস জমা দেয়ার পরও এনওসি পাইনি এখনো। এনওসি পেতে দেরি হওয়ার কারণে ভিসা পেতে বিলম্ব হচ্ছে। অনেক এজেন্সি মক্কা মদিনা অবস্থানের কারণে বিমানের টিকিট সংগ্রহ করতে পারেনি। এসব কারণে এখনো প্রায় ২০ হাজার টিকিট অবিক্রিত অবস্থায় পড়ে আছে। এ বছর নিয়মানুযায়ী বিমান টিকিট কেনার পরই ভিসার জন্য আবেদন করা যাবে। গতবছর হজযাত্রীর অভাবে ফ্লাইট বাতিল করা হলেও এবার সেই সুযোগ থাকছে না। কারণ এ বছর স্লট নেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে সৌদি এভিয়েশন। ফলে নির্ধারিত সময়ে টিকিট সংগ্রহ করা না হলে আর ভিসা না নিলে হজ গমনে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এজন্য বিমান বাংলাদেশ ও হজ অফিস সবাইকে দ্রুত বিমানের টিকিট কেনার জন্য তাগাদা দিচ্ছে। শনিবারও হজ অফিস এক বিজ্ঞপ্তিতে দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছে। নির্ধারিত ফ্লাইটের টিকিট না কেনার কারণে কোন হজযাত্রী হজে যেতে না পারলে তার দায়ভার সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে বলেও জানানো হয়।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (হাব) এর মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম জানান, টিকিট ও ভিসা সংগ্রহ না করায় হজযাত্রা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা আশা করি কেটে যাবে। একজন হজযাত্রীও যাতে সমস্যায় না পড়েন সেজন্য আমরা কাজ করছি।
এখনো ভিসা ও টিকিট সংগ্রহ করা হয়নি কেন, জানতে চাইলে তিনি বলেন, অনেক এজেন্সি মালিক এখনো মক্কা ও মদিনায় বাড়ি ভাড়ার জন্য সেখানে অবস্থান করছেন। তারা ফিরে আসার পর বিমান টিকিট সংগ্রহ করবেন। একইভাবে তারা ভিসার জন্যও আবেদন করবেন। আশা করি, সংকট কেটে যাবে।’ তিনি এবার সুন্দর ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে ভাড়া করা বিমান দিয়ে হজ ফ্লাইট পরিচালনা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে বলে জানা গেছে। চলতি বছর হঠাৎ করেই সৌদি এভিয়েশন কর্তৃপক্ষ ভাড়া করা বিমানে হজযাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা জারি করে। এতে সঙ্কট সৃষ্টির আশংকা তৈরি হয়। পরবর্তীতে কুটনৈতিক তৎপরতার মাধ্যমে সেই সঙ্কট সমাধান করে বাংলাদেশ।
বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, সৌদি এভিয়েশন কর্তৃপক্ষ হঠাৎ করে ভাড়া করা বিমানে হজযাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিলে আমরা বিপাকে পড়ে যাই। পরে অবশ্য কুটনৈতিক তৎপরতার মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে ভাড়া করা বিমানেই এ বছর হজযাত্রী পাঠানো যাবে।
২০ আগস্ট চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। শনিবার বাংলাদেশ থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। হজ পালনের হাজিরা ২৭ আগস্ট থেকে বাংলাদেশে ফিরতে শুরু করবেন। ফিরতি ফ্লাইট চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।















