কোটা সমস্যার সমাধান সঠিক পথেই এগুচ্ছে বলে জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার সেতু ভবনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, কোটা সমস্যার সমাধানে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে আছে। এখানে একটা ফর্মালি কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে আছেন কেবিনেট সেক্রেটারি। এই কমিটি খোঁজ খবর নিচ্ছে, অন্যান্য দেশেরও তথ্য উপাত্ত সংগ্রহ করছে। আমার মনে হয় বিষয়টা দ্রুত এগিয়ে যাচ্ছে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, আমি বলব কোটা সংস্কার আন্দোলনে যারা আছেন তাদেরকে ধৈর্য ধরার জন্য। প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন এই পদক্ষেপের প্রতি আস্থা রেখে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করবো।
বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে। তবে বিএনপিকে নির্বাচনে আনতে আওয়ামী লীগ আগ বাড়িয়ে কোনো ব্যবস্থা নেবে না।















