ডেস্ক রিপোর্ট: বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আবেদনপত্রের নমুনা…
সূত্রঃ জঙ্গী/বহিরাগত/নিষিদ্ধ/৪২০/১৮
বরাবর,
মাননীয় প্রক্টর,
ঢাকা বিশ্ববিদ্যালয়,
বিষয়ঃ বহিরাগত হিসেবে ক্যাম্পাসে প্রবেশ, চা পান ও কার্জনের ঘাসে শুয়ে থাকার অনুমতি দানের আবেদন পত্র।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি _______________ ঢাকা বিশ্ববিদ্যালয়ের _____________ বিভাগের একজন প্রাক্তন ছাত্র এবং ক্যাম্পাসের বর্তমান বহিরাগত। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানতে পেরেছি যে প্রক্টরের অনুমতি ব্যতীত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ,অবস্থান ও ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে।
এমতবস্থায়, আমি আগামী সপ্তাহে নীলক্ষেত গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে ইচ্ছুক। রিক্সা করে টি এস সি আসব, সামনে বসে এক কাপ ওভালটিন চা খাব। আমার বউ-এর আবার পানিপুরি পছন্দ। উল্লেখ্য সে পানিপুরি খেতে চাইলে পানিপুরি বিক্রেতার পূর্ব-অনুমতি পত্র ও আমাদের ম্যারিজ সার্টিফিকেটের অনুলিপি আপনার দপ্তরে জমা দিব।
টি এস সি বাথরুমের সংস্কার হয়েছে জেনে অতি আনন্দ চিত্তে ওখানে মূত্র বিসর্জন করব। বিশেষভাবে উল্লেখ্য যে মূত্র বিসর্জনের অনুমতি চেয়ে আলাদা আবেদন পত্র সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করা হয়েছে যার একটা কপি এই আবেদন পত্রের সাথে সংযুক্ত করা হয়েছে।
অতঃপর, হেটে কার্জন হল যাব, কার্জনের ঘাসে লেপ্টা দিয়ে আধা ঘন্টা জীবন যৌবন, বিশ্ববিদ্যালয়ে কাটানো সুন্দর মূহুর্ত ও ক্যাম্পাসের সাবেক সুন্দরীদের নিয়ে চোখ বন্ধ করে স্মৃতিচারণ করব। কার্জনের গেটে মন্টুর দোকানের এক কাপ চা খাওয়া শেষে আমার আনন্দ ভ্রমণ শেষ করব।
এই সময়ের মধ্যে আমি কোন প্রকার রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়বিরোধী কার্যক্রমে যুক্ত থাকব না। চা পান, পানিপুরি খাওয়া ও রিক্সা ভাড়া দেয়ার সক্ষমতা যাচাই এর জন্য আমার গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনার সদয় বিবেচনার জন্য প্রেরণ করলাম।
অতএব, আমার সকল কার্যক্রম ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই সাপেক্ষে আমাকে বিশ্ববিদ্যালয়ে বৈকালিক ভ্রমণের অনুমতি দানে বাধিত করবেন।
অতি বিনীত নিবেদক
_________________
সংযুক্তিঃ
১. বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ফোর্থ ইয়ার ফাইনালের প্রবেশ পত্র, ভর্তি রিসিট, ডিপার্টমেন্টের প্রশংসাপত্র, থিসিস পেপার (যদি থাকে) ইত্যাদির সত্যায়িত ফটোকপি।
২. পানিপুরি বিক্রেতার অনুমতি পত্র।
৩. গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
৪. NID, বাসার বিদ্যুৎ বিল, ম্যারিজ সার্টিফিকেট।
৫. অফিস থেকে NOC, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর অনুমতিপত্র, সিটি কর্পোরেশন মেয়রের অনাপত্তিপত্র।
অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলঃ
১.প্রক্টর কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়
২.শাহবাগ, নীলক্ষেত, রমনা থানা, র্যাব, ডিজিএফআই, এনএসআই।
৩.ঢাকা বিশ্ববিদ্যালয় রিক্সাচালক ও চা বিক্রেতা সমিতি।
৪. গার্ড, ছাত্র-শিক্ষক কেন্দ্র বাথরুম, এবং ঘাস পরিচর্যাকারী, কার্জন হল।
৫. সহকারী প্রক্টর, কার্জন হল। (অনলাইন থেকে সংগৃহীত)















