নেপালে ট্রাক দুর্ঘটনায় ২০ শ্রমিক নিহত

401
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের পার্বত্য জেলা মাসতাংয়ে গত শুক্রবার শ্রমিক বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় কমপক্ষে ২০ শ্রমিক নিহত এবং আরো ১২ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধান জেলা কর্মকর্তা শিশির পৌডেলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় পত্রিকা ‘দ্য কাঠমান্ডু পোস্ট’।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ লাঞ্চের পর ট্রাক করে কর্মক্ষেত্রে ফিরছিলেন ৩২ জন শ্রমিক। ট্রাকটি মাসতাং কোরালা সড়কে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে ৫০ মিটার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ২০ শ্রমিক। নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং বাকি ছয়জন নারী।

দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। আহতদের উদ্ধারের পর হেলিকপ্টারে করে পোখারা শহরে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসার জন্য তাদের শহরের মনিপাল টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট