আব্দুল বাছিত রফি: ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভুত পন্ডিত সুদর্শন গিনেস বুক রেকর্ডে আবারো নাম লিখাতে যাচ্ছেন। এবার এটানা ১৪ ঘন্টা বাজিয়েছে ড্রাম। এর আগে দীর্ঘ ২৫দিন তবলা ও ২৭ ঘন্টা ঢোল বাজানোর দুটি বিশ্ব রেকর্ড আছে তাঁর ঝুলিতে। ৪ জুলাই বুধবার বিকাল থেকে পূর্ব লন্ডনের কর্মাশিয়াল রোড়স্থ লন্ডন এন্টারপ্রাইজ স্কুলের হল রুমে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে ড্রাম বাজাতে শুরু করেন। টানা ১৪ ঘন্টা বাজিয়ে ড্রাম বাজিয়ে শেষ করেন বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫মিনিটে।
শেষ মুহুর্তে উপস্থিত ছিল স্কুলের শিক্ষার্থীসহ শিক্ষক শিক্ষাকাগন। ড্রাম বাজিয়ে গিনেস বুক রেকর্ড হবে এই প্রথম। এর আগে কেউ এই রেকর্ড করতে পারেনি। এই রেকর্ডের পার্থক্য হচ্ছে অন্যান্য রেকর্ডের সময় ঘন্টায় ৫মিনিট ব্রেক নেয়া গেলেও এবার ছিল কোন ব্রেক নেয়ার অবকাশ। ফলে ড্রাম বাজানো অবস্থায়ই তাকে পানিসহ তরল খাবার খেতে হয়েছে। শেষ পর্যন্ত কোন ধরনের সমস্যা ছাড়াই একটানা ১৪ ঘন্টা বাজিয়ে আবারো বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন বাংলাদেশী পন্ডিত সুদর্শন।
ড্রাম বাজানো শেষে সকল তথ্য প্রমান আনুষ্ঠানিক গিনেস বুক রেকর্ড কর্তৃপক্ষের কাছে পাঠানো পক্রিয়া শুরু করেছেন সুদর্শন। কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে কর্তৃপক্ষ তার এই স্বীকৃতি দিবে বলে মনে করেন তিনি।
চট্টগ্রামের সাতকানিয়ার সন্তান পন্ডিত সুদর্শন দাশ এবারের রেকর্ড গড়ার চ্যালেঞ্জটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের প্রতি উৎসর্গ করেছেন সুদর্শন দাশ। তিনি রোহিঙ্গা শিশুদের জন্য আড়াই হাজার পাউন্ড (প্রায় তিন লাখ টাকা) সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে বলে জানান তিনি।
সুদর্শন দাশের বাবা অমূল্য রঞ্জন দাশ ও মা বুলবুল রানী দাশ। পন্ডিত সুদর্শন পূর্ব লন্ডনের তবলা অ্যান্ড ঢোল একাডেমির অধ্যক্ষ। তাঁর প্রতিষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা বাদ্যযন্ত্রে তাল তোলার কসরত শিখছেন। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস, নিউহ্যাম এবং রেড ব্রিজ কাউন্সিলের অধীনে তিনি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর ‘মিউজিক ইন্সপেক্টর’ হিসেবে কাজ করেন।
দুটি বিশ্ব রেকর্ড গড়ার সুবাদে পন্ডিত সুদর্শন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সহায়তায় অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বাদ্য বাজিয়েছেন।















