ঢাকা সংবাদদাতা: দেশের বড় দুই রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও মহাসচিব অসুস্থ হয়ে শয্যাশায়ী। গত তিনদিন ধরে সর্দি-কাশি আর জ্বরে ভুগছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের জানান, গত সোমবার থেকে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে শয্যাসায়ী ওবায়দুল কাদের। এ কারণে মন্ত্রণালয়ের সব কাজ ডাক্তারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিয়ে বাসা থেকেই সামলাচ্ছেন তিনি।
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, স্যার তিনদিন যাবৎ অত্যন্ত অসুস্থ। প্রচণ্ড ঠাণ্ডা, কাশি ও জ্বর। ঢাকা মেডিকেলের ডাক্তার অধ্যাপক ইউসুফ হোসেনের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।
ওবায়দুল কাদের তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।
এদিকে চাচার জানাযার নামাজে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তাকে তাৎক্ষণিকভাবে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করে জানান, মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মনিরুজ্জামানের তত্বাবধানের রয়েছেন।
দেশবাসীর কাছে মির্জা ফখরুলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন রুহুল কবির রিজভী।















