বজ্রাঘাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু

577

ঢাকা সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বজ্রাঘাতের ঘটনায় মা ও ছেলেসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার (১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সন্তোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পরিবারের বরাত দিয়ে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাহফুজার রহমান এই তথ্য নিশ্চিত করেন।

ইউপি সদস্য মাহফুজার রহমান জানান, দক্ষিণ সন্তোলা গ্রামের সবুজ মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৩৫), তার ছেলে আসিফ (১৫)ও ভাগ্নে সিয়াম (৯) বৃষ্টির মধ্যে তাদের নির্মাণাধীন পাকা বাড়ির কাজ দেখছিলেন। এসময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।

নিহত রাশেদা বেগমের স্বামী সবুজ মিয়া বলেন, ‘গত কিছু দিন থেকে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিল। পাকা ঘরের শুধু জানলা-দরজার কাজ বাকি ছিল। দুপুরে খাওয়া শেষে ছেলে ও ভাগ্নেকে নিয়ে বৃষ্টির মধ্যে আমার স্ত্রী রাশেদা বাড়ির কাজ দেখতে যান। এসময় বজ্রপাতে তাদের সবার মৃত্যু হয়।’

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম জানান, বজ্রাঘাতে একইসঙ্গে তিন জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।