ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

530

ঢাকা সংবাদদাতা: কক্সবাজার জেলা শহরে শুক্রবার বেলা আড়াইটায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে কক্সবাজার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে।

নিহত ছাত্রদল নেতার নাম এএইচএম তানভীর। তিনি পৌর এলাকার বাচা মিয়া ঘোনা মহল্লার হাজী মো. সোলায়মানের ছেলে। তিনি কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।

কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনির উদদীন বলেন, তানভীর বর্তমান জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বর্তমানে কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দীকি জামশেদ বলেন, আজ বেলা আড়াইটার দিকে দুইদল যুবক ২৫ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে দুই দল যুবক বাগবিতণ্ডায় লিপ্ত হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তানভীরকে বুকে ছুরিকাঘাত করে। তাকে এলাকার লোকজন উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাহীন মো. আবদুর রহমান চৌধুরী তাকে মৃত বলে ঘোষণা করেন।

কক্সবাজার মডেল থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।