মেয়ের বিয়ে দিয়ে অসুস্থ ডিপজল

793

বিনোদন ডেস্ক: একমাত্র মেয়ে বলে কথা। তাই কোনো ধরণের কমতি রাখতে চাননি অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাইতো তার পরিবারে চলছে উৎসবের আমেজ। কিন্তু মেয়ের বিয়ে শেষে অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন ডিপজল। হৃদরোগে আক্রান্ত ডিপজল গত বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তিনি জানান, টানা ১০ দিন ধরে বিয়ের নানা অনুষ্ঠান হয়। এই কয়দিন টানা অনুষ্ঠানে আমি অনেক ক্লান্ত, অসুস্থ হয়ে পড়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন।

মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা সুন্দরভাবে শেষ করতে পেরে আনন্দিত ডিপজল। তিনি বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। সুন্দরভাবে মেয়ের বিয়ে শেষ করতে পেরেছি। সবাই দোয়া করবেন, আমার মেয়ে এবং জামাতা যেন সুস্থ সুন্দর একটি জীবন পরিচালনা করতে পারে।

হঠাৎ অসুস্থতা নিয়ে তিনি বলেন, আমার মেয়ের বিয়ে হয়েছে ১৯ জুন, তারপর ২৪ জুন গায়ে হলুদ। গত বুধবার রাতে ছিল মেহেদি উৎসব। সেখানে আমরা সারা রাত অনেক মজা করেছি। পানি দিয়ে সবাই ভিজেছি, সাথে ছিল ডিজে পার্টি। সবকিছু মিলে পানিতে ভিজে শরীরে জ্বর অনুভব করছি।

ঢাকার ব্যবসায়ী ওবায়দুর রহমান অর্পনের সঙ্গে গত ১৯ জুন মঙ্গলবার এক অনাড়ম্বর পরিবেশে অলিজা মনোয়ারের বিয়ে সম্পন্ন হয়। লন্ডনের রেড ব্রিজ নামে একটি কলেজে এশিয়ান ব্রাইডাল মেকআপ বিষয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন অলিজা।