আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়ায় পর্ন সাইটের নারী মালিক গ্রেপ্তার

425

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার একটি পর্ন সাইটের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। অব্যাহত বিক্ষোভের মুখে ওই সাইটের মালিককে গ্রেপ্তার করা হলো। কুখ্যাত এই পর্ন সাইটটি ২০১৬ সালে নিষিদ্ধ করা করা হয়। সোরা.নেট নামে ওই সাইটে ১০ লাখের বেশি ব্যবহারকারী ছিল। খবর বিবিসি বাংলার।

ওই ওয়েবসাইটে হাজার হাজার ভিডিও ছিল। যেখানে ভিডিওতে থাকা নারীদের কোনও অনুমতি নেয়া হয়নি। এমনকি অনেক ক্ষেত্রে তারা জানতেন না যে ভিডিও ধারণ করা হয়েছে।

কোরিয়ার পুলিশ বলছে, ওয়েবসাইটটির মালিক অবৈধ যৌনপল্লী এবং জুয়া খেলার বিজ্ঞাপন ওই সাইটে ব্যবহার করে প্রচুর অর্থ উপার্জন করেছে। কিন্তু সন্দেহভাজন এই নারী যার নামের শেষের অংশ সং, তিনি এই দোষ অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, সাইটের যারা ব্যবহারকারী তারাই অবৈধ এসব ভিডিও তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ায় পর্নোগ্রাফি তৈরি এবং প্রচার করা অবৈধ।

সং নামের ওই নারীকে শিশু-কিশোর সেক্স প্রোটেকশন আইনে অভিযুক্ত করা হয়েছে।

দ্য কোরিয়া হেরাল্ড-এর প্রতিবেদনে বলা হচ্ছে, ওই নারীসহ আরও চারজন এই সাইট চালাতেন, যার মধ্যে তার স্বামীও ছিলেন।

বিদেশি সার্ভার ব্যবহার করে ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাইটটি চলেছে। সন্দেহভাজন আরও দুইজনকে এই কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ওয়েবসাইটের বেশিরভাগ ভিডিও বাথরুমে বা কোনও দোকানের পোশাক পাল্টানোর ঘর থেকে গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে।

আবার অনেক ভিডিও তাদের আগের পার্টনাররা প্রতিশোধমূলকভাবে আপলোড করেছে। এমনকি ভিডিওগুলো প্রকাশ পেলে বেশ কয়েকজন নারী আত্মহত্যাও করেন।

এরপরই সাইটটি বন্ধ করার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। চলতি বছরের মে মাসে ১০ হাজারের বেশি নারী রাস্তায় নেমে ডিজিটাল সেক্স ক্রাইম নিয়ে তদন্ত করার জন্য বিক্ষোভ করে।

উল্লেখ্য, সিউলে এর আগে নারীদের অধিকার নিয়ে এতো বড় সমাবেশ আর হয়নি।