আর্জেন্টিনার জন্য আজ রাতেই বিশ্বকাপের ফাইনাল

733

খেলাধুলা ডেস্ক: গত ২৩ জুন রাশিয়া বিশ্বকাপে ‘ডু অর ডাই’ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়ে মিশন ইম্পসিবল কমপ্লিট করে ফুটবলের পাওয়ার হাউজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। আজ কি জার্মানির ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে আলবেসিলেস্তেরা পারবে মিশন ইম্পসিবল কমপ্লিট করতে? তা জানতে অপেক্ষায় থাকতে হবে রাত ২টা পর্যন্ত। এরপরই জানা যাবে তারা কি মিশন কমপ্লিট করতে পারলো না কি মিশন থেকে বাদ পড়ে গেলো।

আজকের ম্যাচটি আর্জেন্টাইনদের জন্য অগ্নিপরীক্ষা। আর্জেন্টিনা এমন পরীক্ষা আগেও দিয়েছে। এই তো বিশ্বকাপের মূলপর্বে উঠতে হলে শেষ ম্যাচে জিততেই হবে। এমন পরিস্থিতিতে অসাধারণ এক হ্যাটট্রিক করে দলকে মূলপর্বে নিয়ে আসেন ম্যারাডোনার উত্তরসূরি লিওনেল মেসি। সেদিন যেমন আর্জেন্টিনার ত্রাণকর্তা ছিলেন মেসি আজও তার কাছ থেকে তেমন কিছুই চাইছে পুরো আর্জেন্টাইন ফুটবলপ্রেমীরা।

তবে কাজটি যে সহজ হবে না, তা মেসি নিজেও জানেন। কারণ এমন সমীকরণে তাদের প্রতিপক্ষ আফ্রিকার সুপার ঈগল খ্যাত নাইজেরিয়া। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ১২টায় নামবে তারা। তবে এ ম্যাচে জিতলেই চলবে না। তাকিয়ে থাকতে হবে রোস্তভ অ্যারেনার দিকে। কারণ একই সময়ে যে সেখানে মাঠে নামবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড। ক্রোয়েশিয়া আগেই নক আউট নিশ্চিত করে ফেলায় তাদের কাছে ম্যাচটির গুরুত্ব কম। কিন্তু নবাগত আইসল্যান্ডের নিকট গুরুত্ব অনেক। কারণ এ ম্যাচটিতে জয়লাভ করলে তাদেরও নক আউটে যাওয়ার সুযোগ থাকবে।

ম্যাচটির সমীকরণ এমন যে, আর্জেন্টিনা নাইজেরিয়ার বিপক্ষে জয় পেলে আর আইসল্যান্ড ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় না পেলে মেসিদের সহজেই মিলবে শেষ ষোলোর টিকিট। আর যদি আইসল্যান্ড জিতে যায় এবং আর্জেন্টিনাও জয় পায় তাহলে গোল ব্যবধানের হিসাব আসবে। যেখানে এক গোলে পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বর্তমান গোল পার্থক্য যেখানে -৩ সেখানে আইসল্যান্ডের -২। এই অবস্থায় নাইজেরিয়ার বিরুদ্ধে জিতলে আর্জেন্টিনার পয়েন্ট হবে চার। তাতে নকআউট পর্বে খেলা নিশ্চিত হতে পারে মেসিদের। তবে এক্ষেত্রে আইসল্যান্ডকে জয়বঞ্চিত থাকতে হবে ক্রোয়াটদের বিরুদ্ধে।

সুযোগ থাকবে নাইজেরিয়ারও। ২-০ ব্যবধানে আইসল্যান্ডকে হারিয়ে দেয়ায় সুপার ঈগলসরাও টিকে আছে রেসে। আজ শুধু মেসিদের হারাতে হবে তাদের।

যদিও বিশ্বকাপে ল্যাটিন দলটির বিপক্ষে আফ্রিকার এ দলটির ভাগ্য সুপ্রসন্ন নয়। বিশ্বকাপে এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল; চারবারই জিতেছে আলবিসেলেস্তেরা। সর্বশেষ সাক্ষাত ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে। ম্যাচটি ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা। মেসি ও মুসা দুজনই করেন দুটি করে গোল। মার্কোস রোহোর গোলে উতরে যায় আর্জেন্টিনা। তাই আজ আর্জেন্টিনাকে হারালে ইতিহাস গড়বে সুপার ঈগলসরা।

এদিকে ‘ডু অর ডাই’ ম্যাচে আর্জেন্টিনা খেলবে মেসির প্রিয় ফরমেশন ৪-৩-৩ এ। যদিও প্রথম দুই ম্যাচে বলার মতো কিছুই করতে পারেননি মেসি। আজকের ম্যাচে দলে পরিবর্ত আসবে এটি সবাই আগে থেকেই বুঝতে পেরেছিল। সবার আগে বাদ পড়বেন নিয়মিত গোলরক্ষক কাবায়েরো। তার বাজে পারফরম্যান্সের কারণে আরমানি এখন নাম্বার ওয়ান।

উল্লেখ্য, আর্জেন্টিনা যে দু’বার বিশ্বকাপের সোনালি ট্রফিটি ঘরে তোলে সে সময় দলের গোলরক্ষক ছিলেন রিভার প্লেটের। আজকের আরমানিও সেই রিভার প্লেটেরই। তিনি কি পারবেন আজ দলের কঠিন মুহূর্তে বিপদের হাত থেকে বাঁচাতে।

এদিকে ম্যাচের আগেই মেসিকে সরাসরি হুমকি দিয়ে রেখেছেন নাইজেরিয়ান ফুটবলার ব্রায়ান ইদোউ। ড্র কিংবা হারে কপাল পুড়বে মেসির। বিশ্বসেরা তকমা লাগানো এই খেলোয়াড়টির দৌড় গ্রুপ পর্বেই শেষ করতে চান ব্রায়ান ইদোউ। আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে মেসিকে হুঙ্কার দিয়ে ইদোউ বলেন, আজই মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। তাদের ভেতর কী চলছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তারা কীভাবে খেলবে সেটা নিয়ে আমরা ভাবছি কারণ আমরা অনেক পরিশ্রম করছি।

নাইজেরিয়ানরা যতই হুমকি দেন একে গণায় ধরতে চান না আর্জেন্টিনার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। তিনি এ ম্যাচকে ঘিরে বলেন, একবার আর্জেন্টিনা তো সবসময় আর্জেন্টিনা। আমরা সবাই জানি আর্জেন্টিনা খেলতে জানে। ১৯৮২ ও ১৯৯০ বিশ্বকাপেও এমন কঠিন পরিস্থিতি পেরিয়েছে।

ফুটবল ঈশ্বর আরও বলেন, নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বড় জয় দরকার। একেবারে ঘুরে দাঁড়ানোর সময় এখন। খেলোয়াড়দের মনে রাখতে হবে, এটাই নিজেদের বিশ্বের কাছে প্রমাণের শেষ সুযোগ। আমি তাদের বিশ্বাস করি। তারা তারা পারবে। লিও মেসিই কেবল যা পারে তাই আবার তার কাছে সবাই প্রত্যাশা করবে। কিন্তু আমাদের দল হিসেবে খেলতে হবে।

মেসি প্রসঙ্গে ম্যারাডোনা আরও বলেছেন, ‘দুনিয়া মেসির দিকে তাকিয়ে। এটাই স্বাভাবিক। তার মতো খেলোয়াড় সবসময় আলোচনায় থাকবে। কিন্তু আবার বলছি, এটা একজন মানুষের কাজ না। ফুটবলে সবাই মিলে খেলতে হয়। জেগে ওঠো আর্জেন্টিনা! এই তো সময়!’