খেলাধুলা ডেস্ক: আইসিসি র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান এখন আট-এ। শিরোপা লড়াইয়ে কেউই তাদের রাখেনি। এরপর ভারতের বিপক্ষে গো-হারা হারের পর পাকিস্তানের সম্ভাবনা দেখার কোনো উপায়ও ছিল না। সেই পাকিস্তান এখন সেরা চার-এ। বিশ্ব ক্রিকেটে যে দল নিয়ে কখনো কোনো পূর্বাভাস চলে না সেই দলের নাম পাকিস্তান। আনপ্রেডিক্টেবল পাকিস্তান গ্রুপ পর্যায়ে দুই জয়ে ভারতের সমান চার পয়েন্ট নিয়েই উঠেছে সেমিফাইনালে। কিন্তু রান গড়ে তারা হয়েছে দ্বিতীয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি আইনে তারা জয় পায় ১৯ রানে। অবশ্য দক্ষিণ আফ্রিকাকে তারা ২১৯ রানে আটকে দিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করে ফেলেছিল। জবাবে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তবে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে তারা জিতেছে খেলেই। এবারও তাদের বোলারাই প্রথম কাজটা করে দেয় লঙ্কানদের ২৩৬ রানে অলআউট করে। যে শ্রীলঙ্কা ভারতের ৩২১ রান টপকে গিয়েছিল অনায়াসে তারাই পাকিস্তানের বিপক্ষে খাবি খায়। এরপরে পাকিস্তানের ব্যাটিংটাও ছিল বেশ নড়বড়ে। ১৬২ রানে তারা সাত উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের মুখে পড়েছিল। সেখান থেকে পাকিস্তান জিততে পারবে ভাবতে পারেনি কেউই। সেই খেলাটাই অবিশ্বাস্যভাবে জিতে সেমিফাইনালে উঠে যায় সরফরাজের পাকিস্তান।
ফাইনালে ওঠার লড়াইয়ে কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ মুখোমুখি দুর্দান্ত ইংল্যান্ড আর দুরু দুরু পাকিস্তান। চলতি আসরে কাগজে-কলমে সবচেয়ে ব্যালেন্সড দল ইংল্যান্ড। আর মাঠের লড়াইয়েও তারা তাদের শক্তিমত্তার পরিচয় দিয়ে জয়ী হয়েছে তিন খেলাতেই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডরে মতো দলও তাদের সঙ্গে লড়াইয়ে টেকেনি। প্রথম খেলাতেই বাংলাদেশ হেরেছে ৩০৫ রান করে। ব্যাটে-বলে দু’বিভাগেই তারা তাদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। ব্যাটিংয়ে একমাত্র ওপেনার জেসন রয় ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছে না। এছাড়া অ্যালেক্স হেলস, জো রুট, এউইন মরগান, বেন স্টোকস, জস বাটলার এ আসরে তাদের ফর্মের স্বাক্ষর রেখেছেন। এছাড়া মঈন আলী, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেটও ব্যাট চালাতে পারেন ভালোই। অস্ট্রেলিয়ার বিপক্ষে টপ অর্ডার ধাক্কা খেলেও বেন স্টোকস সেঞ্চুরি করে জয় নিশ্চিত করেন। প্রথম খেলায় বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন জো রুট। হেলস করেছিলেন ৯৫ রান। পরে ম্যাচেও হেলস, রুট, স্টোকস, বাটলার ভালো ব্যাট করেন। স্টোকস তো বলেও দারুণ করছেন। এবার লিয়াম প্লাঙ্কেট দুই খেলাতে চার উইকেট করে পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার উইকেট করে পান মার্ক উড ও আদিল রশিদ। স্পিনে আদিল রশিদ যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর।
আজ অবশ্য জেসন রয়ের বিপক্ষে জনি বেয়ারস্টোকে খেলাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মরগান। ক্রিকেটের জনক বলে পরিচিত ইংল্যান্ড এ পর্যন্ত ওয়ানডের কোনো আসরে তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। সর্বশেষ ১৯৯২ সালে বিশ্বকাপের ফাইনালে উঠে এই পাকিস্তানের কাছেই হেরে গিয়েছিল। এ ছাড়া ২০১৩-তে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের ফাইনালে উঠে তারা ভারতের কাছে হেরে গিয়েছিল। ২০১৫ বিশ্বকাপে তারা বাংলাদেশের কাছে হেরেই বিদায় নিয়েছিল প্রথম পর্ব থেকেই।
ইংল্যান্ড জয়ের আশা করতেই পারে। কারণ সর্বশেষ গত বছরই দেশের মাটিতে তারা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতে ৪-১ এ। এর মধ্যে ট্রেন্ট ব্রিজে তিন উইকেটে ৪৪৪ রানের বিশ্বরেকর্ডও গড়ে তারা। আর সব মিলিয়ে ৮১ বারের দেখায় ৪৯ বার জিতেছে ইংল্যান্ড আর পাকিস্তান ৩০ বার। দু’বার পরিত্যক্ত হয়ে যায়।
পাকিস্তান দুই খেলায় জিতলেও ব্যাটিং নিয়ে নিশ্চিন্ত হওয়ার কোনো কারণই নেই। চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছেন অভিজ্ঞরা। আজহার আলী দুই খেলায় ধারাবাহিক থাকলেও একেতো যথেষ্ট ছিল না, তার ওপর গতি ছিল ধীর। এছাড়া বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক তাদের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি। পাকিস্তানের দু’টি জয়ের পেছনেই বোলারদের অবদান বেশি। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে পেসাররা যে নৈপুণ্য দেখান তাই পাকিস্তানকে আশার আলো দেখাতে পারে আজ। আমির, জুনায়েদের চেয়ে অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও হাসান আলী এরই মধ্যে সবার নজর কেড়েছেন। স্পিনে ইমাদ ওয়াসিম ও শাদাব খান তেমন কিছু দেখাতে পারেননি। তবে শুধু বোলিং দিয়ে ম্যাচ জেতা সম্ভব নয় তা তাদের মনে রাখতে হবে। অভিষেক হওয়া ব্যাটসম্যান ফখর জামান শ্রীলঙ্কার বিপক্ষে দ্রুত ৩৬ বলে ফিফটি করেন। ফাহিম আশরাফও নৈপুণ্যের ছাপ দেখিয়েছেন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও। তবে রান আউটে শেষ হয়ে যায় তার ইনিংস। শেষদিকে মোহাম্মদ আমির দারুণ ব্যাটিং নৈপুণ্যের স্বাক্ষর রাখেন যা অনেকদিন পাকিস্তানের সমর্থকরা মনে রাখবেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নকআউট পর্বে পাকিস্তান ও ইংল্যান্ড উভয়েই জিতেছে পাঁচবার করে। আর ইংল্যান্ড হেরেছে
১২ বার, পাকিস্তান হেরেছে ১১ বার।
আইসিসির আসরে ইংল্যান্ড বনাম পাকিস্তান
ইংল্যান্ড ৬-৪ পাকিস্তান
১৯৭৯ বিশ্বকাপ: ইংল্যান্ড ১৪ রানে জয়ী
১৯৮৩ বিশ্বকাপ: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
১৯৮৩ বিশ্বকাপ: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
১৯৮৭ বিশ্বকাপ: পাকিস্তান ১৮ রানে জয়ী
১৯৮৭ বিশ্বকাপ: পাকিস্তান ৭ উইকেটে জয়ী
১৯৯২ বিশ্বকাপ: ম্যাচ পরিত্যক্ত
১৯৯২ বিশ্বকাপ: পাকিস্তান ২২ রানে জয়ী
১৯৯৬ বিশ্বকাপ: পাকিস্তান ৭ উইকেটে জয়ী
২০০৩ বিশ্বকাপ: ইংল্যান্ড ১১২ রানে জয়ী
২০০৯ টি-২০ বিশ্বকাপ: ইংল্যান্ড ৪৮ রানে জয়ী
২০১০ টি-২০ বিশ্বকাপ: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী















