আন্তর্জাতিক ডেস্ক: বাবা-মা’কে খুন করে আত্মহননের পথ বেছে নিলেন চুলকানির রোগে আক্রান্ত এক তরুণী।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, হংকং-এর বাসিন্দা ওই তরুণীর নাম পাং চিং-ইউ। ১৮ জুন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা-মা’কে খুন করেন পাং চিং-ইউ। তারপর নিজে বিষাক্ত গ্যাস সেবন করে আত্মঘাতী হন।
জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে চর্মরোগে ভুগছিলেন। যার ফলে প্রবল চুলকানিতে অস্থির থাকতে হচ্ছিল তাকে। চামড়া জুড়ে বিশ্রী লালচে দাগ।
নিজের ব্লগে কয়েকদিন আগেই ওই যুবতী লেখেন, তিনি জানতে পেরেছেন, ওই রোগ বংশানুক্রমিক। অর্থাৎ এই অস্বস্তির জন্য যে তার বাবা-মা’ই পরোক্ষে দায়ী, সেই ধারণা তার মধ্যে স্পষ্ট হয়ে উঠেছিল। তিনি সে কথা স্পষ্ট করে লিখেওছিলেন। জানিয়েছিলেন, এমন চামড়ার অসুখে ভোগা দম্পতির কখনই উচিত নয় সন্তানের জন্ম দেওয়া।
এরপরই তিনি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। বিশেষজ্ঞদের মতে, ওই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত ওষুধই হয়ে উঠতে পারে বিপজ্জনক। কেননা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় দুর্বল হয়ে যায় মানুষের বোধশক্তি। স্নায়ু দৌর্বল্যের ফলে রোগীর স্বাভাবিক চিন্তাশক্তি ব্যাহত হয়।















