খেলাধুলা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের হট ফেভারিট আর্জেন্টিনার শুরুটা হয়েছে হোঁচট দিয়ে। নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দলটি। তবে একই গ্রুপ থেকে ক্রোয়েশিয়ার শুরুটা হলো দারুণ। নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। আত্মঘাতি গোল থেকে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে দলটি।
এদিনই দিনের প্রথম ম্যাচে ‘সি’ গ্রুপের ম্যাচে ফ্রান্স ২-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের মিশন শুরুর করেছে। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করে আইসল্যান্ডের বিপক্ষে। তৃতীয় ম্যাচে পেরুকে ১-০ গোলে হারায় ডেনমার্ক।
কালিনিনগ্রাদে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় শুরু হয় দুই দলের লড়াই। আর্জেন্টিনার গ্রুপ বলেই আসর শুরুর আগে থেকেই ‘ডি’ গ্রুপ নিয়ে আলোচনা চরমে। ক্রোয়েশিয়া ও নাইজেরিয়াকে ধরা হচ্ছিল আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানানোর মতো দল হিসেবে। আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ড্র এম্যাচের গুরুত্বটা বাড়িয়েই দিয়েছিল। যেখানে ক্রোয়েটরা জয় তুলে নিয়ে ‘ডি’ গ্রুপে পুরো ৩ পয়েন্ট নিয়ে সবার উপরে চলে গেল।
ফিফা র্যাঙ্কিংয়ে ২০তম অবস্থানে ক্রোয়েশিয়া। আফ্রিকান সুপার ঈগল নাইজেরিয়ার অবস্থান সেখানে ৪৮তম। তবে বিশ্বকাপের প্রথম পর্বে বরাবরই দুর্দান্ত পারফর্ম করে থাকে নাইজেরা। অন্যদিকে ক্রোয়েশিয়ার আছে তৃতীয় হওয়ার রেকর্ডও। ম্যাচটা দুই দল লড়ে গেল সমানে সমানেই। কিন্তু ভগ্যের কাছেই যেন পিছিয়ে পড়া নাইজেরিয়ার।
ম্যাচের ৩২ মিনিটে আত্মঘাতি গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড করেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ। যেটি নাইজেরিয়ার ওঘেনেকারো এতেবোর পায়ে লেগে দিক বদলে ঢুকে যায় নাইজেরিয়ার জালে। এবারের বিশ্বকাপে এটি দ্বিতীয় আত্মঘাতি গোল। এর আগে শুক্রবার আত্মঘাতি গোলে মরক্কোকে হারায় ইরান।
ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করে ক্রোয়েশিয়া। স্পট কিক থেকে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড লুকা মদ্রিচ গোল আদায় করে নিতে ভুল করেননি। এদিন দিনের চার খেলা মিলে মোট পেনাল্টি হয়েছে ৫টি। বিশ্বকাপ ইতিহাসে দর্শকরা একদিনে এরচেয়ে বেশি পেনাল্টি দেখেছিল একবারই। সেটি ১৯৯৮ বিশ্বকাপে, ২৪ জুন।
ইতিহাসে এই প্রথম মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া। যেখানে জয় নিয়ে মাঠ ছাড়ার কৃতিত্ব দেখাল ক্রোয়েটরা। একই সঙ্গে আর্জেন্টিনার জন্য দিয়ে রাখল বার্তা। ২১ জুন আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি।















