খেলাধুলা ডেস্ক: সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত মানেই বাংলাদেশের সাফল্য। ১৯৯৯ সাল এবং ২০০৩ সালের যথাক্রমে সাফ গেমস এবং সাফ ফুটবলে (সিনিয়র লেভেলে) বাংলাদেশ এই ভারতকে সেমিতে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল। ৯৯ সালেরটা ছিল নেপালের কাঠমান্ডু সাফ গেমসে। এবার সেই কাঠমান্ডুতেই বাংলাদেশের কিশোররা পুনরাবৃত্তি করলো ভারত বধের কাহিনী। আজ বৃহস্পতিবার কাঠমান্ডুর আনফা ফুটবল অ্যাকাডেমি কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-১৫ সেমিফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে গত আসর এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন ভারতেকে।
নির্ধারিত সময়ের খেলা ১-১ এ শেষ হওয়ার পর সরাসরি ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। এতে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসানের দৃঢ়তায় জয় পায় পারভেজ বাবুর দল। ফলে ২০১৫ সালের পর আবার এই আসরের ফাইনালে উঠলো লাল সবুজরা। একই সাথে নেপালের মাঠে আগের তিন আসরের সেমিতে বাংলাদেশের ছিটকে পড়ার পর্বেরও অবসান হলো।
বাংলাদেশ এখন ৩ নভেম্বর ফাইনাল খেলবে নেপাল এবং পাকিস্তানের মধ্যে সেমিতে জয়ী প্রতিপক্ষের সাথে। শুক্রবার বিকেলে এই দুই দলের ফাইনালে উঠার লড়াই।
২০১৫ সালের সাফ অনূর্ধ্ব-১৯ এর সেমিতে অবশ্য এই কাঠমান্ডুর মাঠে ভারতের কাছে টাইব্রেকারে ২-৪ গোলে হেরেছিল সাইফুল বারী টিটুর বাংলাদেশ দল। একই দশা হয়েছিল ১৯৯৫ এর কলম্বো সার্ক ফুটবলেও। এবার অনূর্ধ্ব-১৫ দল নিলো সেই প্রতিশোধ।
আজ আনফা অ্যাকাডেমির টার্ফে ১৭ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতের শৈলেশ গোল করেন। এরপর বাংলাদেশ লং পাসে খেলে তেমন সুবিধা করতে পারেনি। তাদের প্রতিটি আক্রমণই বাধাপ্রাপ্ত হচ্ছিল বিপক্ষে ডিফেন্স লাইনে। উল্টো ভারত ৭৭ মিনিটে দ্বিতীয় গোলে খুব কাছে চলে যায়। কিন্তু ফাঁকা পোস্টে ভারতীয় ফুটবলার বল না পাঠিয়ে তা মারেন বার উঁচিয়ে। ২০১৫ এর সাফ অনূধর্ব-১৬ এর চ্যাম্পিয়নররা ৫৮, ৭৩ এবং ইনজুরি টাইমের প্রথম মিনিটে গোলের হাফ চান্স পেলেও তা থেকে গোল করতে ব্যর্থতার পরিচয় দেয়।
ভাতর যখন আরেকটি ফাইনালের অপেক্ষায় এবং লাল সবুজরা ফের সেমিতে বিদায়ের প্রহর গুনছিল তখনই ৯৩ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। বক্সে ফাউলের শিকার বাংলাদেশের স্ট্রাইকার রাসেল আহমেদ। মালদ্বীপের রেফারি জিম আলীর দেয়া পেনাল্টি থেকে সমতা আনেন বাংলাদেশের বদলী মিডফিল্ডার আশিকুর রহমান।
এরপর খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে গোলরক্ষক মেহেদী হাসানের দৃঢ়তা। তিনি ভারতের শৈলেশ এবং লালারামপুনার প্রথম দুই শট ঠেকিয়ে বাংলাদেশী সতীর্থদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন। এরপর ভারতের সুব্বা কুশাং এবং ফ্রেডি গোল করলেও তা বাংলাদেশের জয় ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। কারণ লাল সবুজদের তৌহিদুল ইসলাম হৃদয়, রাজা আনসারী, কামরান উদ্দিন বাবু, এবং রুস্তম ইসলাম দুখু মিয়া টাইব্রেকারের প্রথম চার শটেই গোল করেন। দুখু মিয়ার চতুর্থ শট ভারতীয় কিপার সন্তোষ সিংকে পরাস্ত করার সাথে সাথেই আনফা অ্যাকাডেমির মাঠ ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে উঠে।
টাইব্রেকার ঠেকিয়ে হিরো হয়ে যাওয়া মেহেদী হাসান দলের এক নাম্বার গোলরক্ষক নন। আগের ম্যাচে নেপালের সাথে ৩৪ মিনিটে লালকার্ড পান এক নাম্বার গোল কিপার মিতুল মারমা। ফলে ওই দিনের খেলার বাকি সময় ভালোভাবে সামাল দেন মেহেদী। আর আজ তো হয়ে গেলেন টাইব্রেকার স্পেশালিস্ট। দুইবারই ডান দিকে শরীর ফেলে শট আটকান তিনি।
গ্রুপ পর্বে বাংলাদেশ ৯-০ তে মালদ্বীপকে এবং নেপালকে ১০ জন নিয়েও ২-১ গোলে পরাজিত করেছিল। লাল সবুজরা এর আগে কাঠমান্ডুতে ২০১১ ও ২০১৩ সালে সাফ অনূর্ধ্ব-১৬তে পাকিস্তান ও নেপালের কাছে এবং গতবছর অনূর্ধ্ব-১৫ সাফে নেপালের কাছে সেমিতে হেরেছিল ২-০, ৫-১ এব ৪-২ এ। দুইবার ভরেতকে সেমিতে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার পারভেজ বাবুর শিষ্যদের তা আবার মঞ্চায়িত করার সময়।















