খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি বিএনপির

490

নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। ঢাকা ছাড়াও প্রত্যেকটি জেলায় স্মারকলিপি প্রদান করা হয়েছে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৪ জুন) সকাল ১১টায় দলের জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক ও মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকার প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে এই স্মারকলিপি প্রদান করেন।

জেলা সহ-সভাপতি তমিজউদ্দিন মাস্টার ও জেলা মহিলা দলের সাবিনা ইয়াসমীনসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ সকাল সাড়ে ১০টায় দুই শতাধিক নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে সমবেত হয়ে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। সেখান থেকে একটি প্রতিনিধিদল জেলা প্রাশাসকের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি দেয়।

সাংবাদিকদের কাছে আবদুস সালাম আজাদ ও জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক অভিযোগ করে বলেন, ‘সরকার আজীবন ক্ষমতায় থাকতে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে কারাগারে আটকিয়ে রেখেছে। আমরা আজকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছি।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে খালেদা জিয়া পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।